ইউরোপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ষষ্ঠ রোনালদো
ইউরোপের বড় পাঁচটি লিগের সেরা গোলদাতাদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।
রোববার রাতে লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে এবারের লিগে নিজের ২৬তম গোলটি করেন রোনালদো। ম্যাচটি অবশ্য ২-১ গোলে হেরে যায় রিয়াল।
ইউরোপীয় শীর্ষ লিগগুলোতে পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর এটা ২৮৭তম গোল। ১৯২৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা ফরোয়ার্ড গর্ডন হজসনও সমান সংখ্যক গোল করেছিলেন।
২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৮৪ গোল করেছিলেন রোনালদো। আর ২০০৯ থেকে এখন পর্যন্ত স্পেনের রিয়ালের হয়ে ২০৩ গোল করেছেন তিনি।
স্পেনের লা লিগা, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ, জার্মানির বুন্দেসলিগা, ইতালির সেরি আ এবং ফরাসি লিগ ওয়ানের গোলদাতাদের নিয়ে করা এই তালিকায় শীর্ষে আছেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড জিমি গ্রিভস। সেরি আ ও ইপিএলে খেলে ৩৬৬টি গোল করেন তিনি।
তার চেয়ে ১ গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে জার্মানির সাবেক তারকা স্ট্রাইকার জার্ড মুলার।
ক্যারিয়ারের শুরু থেকে স্পেনের আরেক দল বার্সেলোনায় খেলা লিওনেল মেসি ২৫৭ গোল করে এই তালিকার একাদশ স্থানে আছেন।
