জিমিদের রেখেই হকির দল ঘোষণা
ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। ১৮ সদস্যের দলে নতুন মুখ আশরাফুল। দলে ঠাঁই পেয়েছে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা তিন খেলোয়াড়।
রাসেল মাহমুদ জিমি, এএইচএম কামরুজ্জামান, ইমরান হাসান ও জাহিদ হুসাইন-নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই চারজনের মধ্যে ‘ফিটনেস’ সমস্যার কারণে অনুশীলন ক্যাম্প থেকে কেবল বাদ পড়েন জাহিদ। বাকি তিনজনই যাচ্ছেন ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের মিশনে।
নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সময় খেলার বাইরে থাকা জিমি, কামরুজ্জামান ও ইমরানের ‘ফিটনেস’ নিয়ে দুঃশ্চিন্তা ছিল নির্বাচক ও কোচদের। তবে সহকারী কোচ মামুনুর রশীদ জানান, তিনজনের অবস্থা নিয়ে সন্তুষ্ট তারা।
আগামী ১৭ থেকে ২৫ জানুয়ারি সিঙ্গাপুরে হবে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের খেলা। প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় পর্বেও ভালো খেলার ব্যাপারে আশাবাদী সহকারী কোচ মামুনুর রশীদ।
“এই দলটায় আশরাফুলই নতুন। বড় কথা হলো, দলে কোনো চোট সমস্যা নেই। সব মিলিয়ে আমার মনে হয়, সেরা দলটাই গড়া হয়েছে।”
“ওয়ার্ল্ড হকি লিগে খেলার আগে আমরা কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলব। আশা করি, ভালো ফলই পাব। অতীতের মতো বাজে ফল হবে না,” যোগ করেন তিনি।
ওয়ার্ল্ড হকি লিগে কখনোই দ্বিতীয় পর্ব পেরুতে পারেনি বাংলাদেশ।
সহকারী কোচ জানান, ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় পর্বের আগে ১২ ও ১৩ জানুয়ারি মালয়েশিয়া ও ১৫ জানুয়ারি ওমানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
হকি দল: কৃষ্ণ কুমার দাস (অধিনায়ক), সারোয়ার হোসেন (সহ-অধিনায়ক), খোরশেদুর রহমান, মিলন হোসেন, আবু সাইদ নিপ্পন, ফরহাদ আহমেদ শিটুল, মামুনুর রহমান চয়ন, মোহাম্মদ আশরাফুল ইসলাম, অসিম গোপ, মোহাম্মদ রুম্মান সরকার, রেজাউল করিম বাবু, পুস্কর ক্ষিসা মিমো, হাসান যুবায়ের নিলয়, মোহাম্মদ মইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি, এএইচএম কামরুজ্জামান, রিমন কুমার ঘোষ ও ইমরান হাসান।
