বার্সার হার ‘দুর্ভাগ্যজনক’
রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে যাওয়ায় হতাশ লুইস এনরিকে। সুযোগ পেয়েও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হয়ে যাওয়াকে দুর্ভাগ্যজনকই মনে করছেন বার্সেলোনা কোচ।
রোববার রাতে জরদি আলবার আত্মঘাতী গোলে সোসিয়েদাদের মাঠ থেকে ১-০ ব্যবধানে হেরে আসে বার্সেলোনা।
প্রথম মিনিটে পিছিয়ে পড়ার পর ভালো খেলেও আর গোল শোধ করতে পারেনি এনরিকের দল। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কোচ বলেন, “আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করি; বিশেষ করে দ্বিতীয়ার্ধে, যখন আমরা তাদের গোলের খুব কাছাকাছি আসি। আমরা কিছুটা দুর্ভাগা যে সমতাসূচক গোল পাইনি।”
তবে ম্যাচে ভালো খেলার জন্য সোসিয়েদাদকেও কিছুটা কৃতিত্ব দিয়েছেন এনরিকে।
বার্সেলোনার অধিনায়ক চাভি এর্নান্দেসও ম্যাচ শেষে সুযোগ কাজে লাগাতে না পারাকেই দুষলেন।
“বল ঠিক যেন ভেতরে যেতে চায়নি। আমারা সব ধরণের সুযোগই পেয়েছিলাম এবং বেশ কিছু বড় সুযোগ নষ্ট করেছি।”
এই হারের ফলে এক ম্যাচ কম খেলা রিয়ালের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল বার্সেলোনা; ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও ৩৮।
