হেরেও নির্লিপ্ত রিয়াল কোচ
ভালেন্সিয়ার কাছে হেরে যাওয়াকে অস্বাভাবিক কোনো ঘটনা বলে মনে করছেন না কার্লো আনচেলত্তি। আর এই হার দলে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ।
রোববার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচে ২-১ গোলে হারে রিয়াল মাদ্রিদ।
এই হারে একটি রেকর্ড গড়ার পথ থেকেও ছিটকে পড়ল রিয়াল। প্রতিযোগিতামূলক লড়াইয়ে টানা ২২ জেতার পর হারল তারা। ২০১১ সালে ব্রাজিলের ক্লাব কোরিচিবা ২৪টি ম্যাচ জিতে প্রতিযোগিতামূলক ফুটবলে টানা জয়ের রেকর্ড গড়ে। সেটা ভেঙে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর লক্ষ্য ছিল রিয়ালের সামনে।
রেকর্ড গড়তে না পারলেও এই হারের পর স্পেনের লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষেই আছে রিয়াল। এসব বিবেচনা করেই আনচেলত্তি ম্যাচ শেষে বলেন, এটা দলে কোনো প্রভাব ফেলবে না।
"আমি যেমনটা বলেছি, ফুটবলে এটা ঘটে। ...আমার মনে হয় এটা দলে প্রভাব ফেলবে না। ২২টি জয়ের পর এটা ঘটল।”
ভালেন্সিয়াকে জয়ের কৃতিত্ব দেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সের্হিও রামোস।
“ভালেন্সিয়াকে কৃতিত্ব দিতে হবে আমাদের। আমরা তিনটি পয়েন্ট হারিয়েছি এবং আমাদের দৌড় থেমেছে, এটা দু:খজনক। কিন্তু লিগটা লম্বা।”
