২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোসিয়েদাদে কপাল পুড়ল বার্সারও

দিনের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল শীর্ষস্থান পুনরুদ্ধার করার। কিন্তু পারেনি তারা, রিয়াল সোসিয়েদাদের মাঠে হেরে গেছে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 04:16 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

রোববার রাতে জরদি আলবার একমাত্র আত্মঘাতী গোলে হারে বার্সেলোনা।

আর এই জয় দিয়ে দারুণ এক কৃতিত্ব গড়লো সোসিয়েদাদ, এই মৌসুমে লিগের শীর্ষে থাকা তিনটি দলকেই হারালো তারা। গত অগাস্টে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারানোর পর গত নভেম্বরে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারায় সোসিয়েদাদ।

প্রতিপক্ষের মাঠ আনোয়েতায় বার্সেলোনার শুরুটা হয় একেবারে যাচ্ছেতাই। নিজেদের ভুলে দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে তারা।

ডান দিক থেকে দারুণ একটা ক্রস নিয়েছিলেন স্বাগতিকদের স্পেনের মিডফিল্ডার চাভি প্রিয়েতো। তা থেকে দলকে বিপদমুক্ত করতে গিয়ে হেড করে নিজেদের জালেই বল জড়ান ডিফেন্ডার জরদি আলবা।

লিওনেল মেসি ও নেইমার বড় দিনের লম্বা ছুটি কাটানোয় যথেষ্ট অনুশীলন করতে পারেনি। সে কারণেই কি না, সোসিয়েদাদের বিপক্ষে এই দুই তারকাকে প্রথম একাদশে রাখেননি বার্সেলোনা কোচ লুইস এনরিকে।

দুর্ভাগ্যবশত শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা এবং দুই তারকার অনুপস্থিতে প্রথমার্ধের পুরোটা সময় ভুগতে দেখা যায় বার্সেলোনাকে। আক্রমণভাগে পেদ্রো ও লুইস সুয়ারেস ছিলেন, বল দখলেও এগিয়ে ছিল তারা, কিন্তু সাফল্য মেলেনি।

সমতায় ফেরার কয়েকটা সুযোগও পেয়েছিল অতিথিরা কিন্তু সোসিয়েদাদের রক্ষণে ফাটল ধরাতে পারেনি বার্সেলোনা।

উল্টো ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়ে যায় সোসিয়েদাদ। তবে মেক্সিকোর স্ট্রাইকার কার্লোস ভেলার প্রচেষ্টা ঠেকিয়ে সে ধাক্কায় দলকে বাঁচিয়ে দেন গোলরক্ষক ক্লদিও ব্রাভো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মুনির এল হাদ্দাদির বদলে মেসিকে নামান কোচ এনরিকে। তাতে বার্সেলোনার আক্রমণও গতি পায়।

আক্রমণের ধার আরও বাড়াতে ৫৮তম মিনিটে পেদ্রোকে বসিয়ে নেইমারকে নামান বার্সেলোনা কোচ। আর সুয়ারেস তো আগে থেকেই ছিলেন।

মেসি-নেইমার-সুয়ারেসে গড়া আক্রমণভাগের নৈপুণ্যে প্রতিপক্ষের রক্ষণে আরও চাপ বাড়ায় বার্সেলোনা। একের পর এক আক্রমণ করতে থাকে তারা, কিন্তু গোলের দেখা মেলেনি।

৮৬তম মিনিটে পরপর দুটি সুযোগ হারান সুয়ারেস। দুইবারই দারুণ কৃতিত্ব দেখান সোসিয়েদাদ গোলরক্ষক জেরেনিমো রুলি।

প্রথমবার দ্রুত ছুটে এসে বল বিপদমুক্ত করেন রুলি। আর দ্বিতীয়বার সুয়ারেসের হেড লাফিয়ে উঠে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।

বাকি সময়েও সোসিয়েদাদের গোলপোস্টের আশে পাশেই বল নিয়ে ঘোরাঘুরি করতে থাকে মেসি-নেইমাররা, কিন্তু ব্যর্থতার গণ্ডি থেকে বেরোতে পারেনি তারা।

এই হারের ফলে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো বার্সেলোনা; ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও ৩৮।