২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালেন্সিয়ার কাছে হেরে ভাঙল রিয়ালের রেকর্ড স্বপ্ন

টানা জয়ের বিশ্ব রেকর্ড গড়া হলো না রিয়াল মাদ্রিদের। লা লিগায় ভালেন্সিয়ার মাঠে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 12:12 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

রোববার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচে ২-১ গোলে হারে রোনালদোরা।

গত সপ্তাহে এসি মিলানের কাছে প্রীতি ম্যাচে হারলেও রিয়ালের ছিল প্রতিযোগিতামূলক লড়াইয়ে টানা ২২ জয়ের আত্মবিশ্বাস। তবে রোববার রাতে প্রতিপক্ষের মাঠে শুরুটা আশাব্যঞ্জক ছিল না ক্রিস্তিয়ানো রোনালদো- গ্যারেথ বেলদের।

প্রথম ১০ মিনিটে তো ভালেন্সিয়ার আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে হয় রিয়ালকে। তবে বল দখলে নিয়ে পাল্টা আক্রমণে যেতে দেরি করেনি তারা। চতুর্দশ মিনিটে এগিয়েও যায় ইউরোপ সেরারা।

ভালেন্সিয়ার ডি বক্সে তাদেরই ফরোয়ার্ড আলভারো নেগ্রেদোর হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। তা থেকেই গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো।

লিগের এবারের আসরে ১৫ ম্যাচ খেলা রোনালদোর এটা ২৬তম গোল। ১৫ গোল করে গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি।

এরপর দ্রুত আরও কয়েকটা গোছানো আক্রমণ করে রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল। ৩৪তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন পর্তুগিজ তারকা রোনালদো। দুরূহ কোণ থেকে নেয়া তার শটটি পা দিয়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক।

প্রথমার্ধের শেষ দুই মিনিটে সমতায় ফেরার দুটো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ভালেন্সিয়া।

বিরতির পর দ্বিতীয় মিনিটে আবারও হতাশ হতে হয় ভালেন্সিয়াকে। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁ পায়ের এক ভলি করেন আন্দ্রে গোমেস, কিন্তু বলটা একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়।

৫২তম মিনিটে ভালেন্সিয়ার সমতায় ফেরার গোলে ছিল সৌভাগ্যের ছোঁয়া। স্পেনের ডিফেন্ডার আন্তোনিও বারাগান ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন। বলের দিকে লক্ষ্য রেখে ডান দিকে ঝাঁপিয়ে পড়েন রিয়ালের গোলরক্ষক ইকের কাসিয়াস। কিন্তু ডিফেন্ডার পেপের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়।

সমতায় ফেরার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠা ভালেন্সিয়া আরও আক্রমণাত্মক হয়। ৬৫তম মিনিটে এগিয়েও যায় তারা। স্পেনের মিডফিল্ডার দানিয়েল পারেহোর কর্নারে হেড করে গোলটি করেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

শেষ ১০ মিনিটে বেশ কয়েকটা সুযোগ তৈরি করে রিয়াল। কিন্তু কখনও রক্ষণ আবার কখনও গোলরক্ষক তাদের সুযোগগুলো ব্যর্থ করে দেয়। ফলে সাড়ে তিন মাসের বেশি সময় পর প্রতিযোগিতামূলক লড়াইয়ে হারের স্বাদ পেল রিয়াল।

হারলেও আপাতত লিগের শীর্ষে আছে রিয়াল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯।