২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে ধরে ফেলল আতলেতিকো

লা লিগায় পয়েন্টের হিসেবে বার্সেলোনাকে ছুঁয়েছে আতলেতিকো মাদ্রিদ। আন্তোনিও গ্রিজমানের জোড়া গোলে লেভান্তেকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 11:09 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

এই জয়ে ১৭ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৩৮। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্টও ৩৮, তবে গোল পার্থক্যে এগিয়ে আছে লিওনেল মেসিরা। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে আতলেতিকোর অপর গোলটি করেন দিয়েগো গোদিন। লেভান্তের একমাত্র গোলদাতা নাবিল এল জেহের।

শনিবার রাতে অষ্টদশ মিনিটে গ্রিজমানের নৈপুণ্যে এগিয়ে যায় আতলেতিকো। বাঁ দিক থেকে ব্রাজিলের ডিফেন্ডার গিলেরমো সিকুয়েইরার ক্রস প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে অনেক উপরে উঠে যায়। তবে বলের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। স্পেনের ডিফেন্ডার হুয়ানফ্রানের ক্রস পেয়ে হেড করেছিলেন মারিও মানজুকিচ কিন্তু সেটা ঠেকিয়ে দেন গোলরক্ষক। তবে দলকে বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি বলে নেয়া গ্রিজমানের হেডও ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক, কিন্তু বল আগেই গোললাইন পার হয়ে গিয়েছিল।

৬২তম মিনিটে একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার আভাস দেয় অতিথিরা। স্পেনের ডিফেন্ডার ইভানের নিচু ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান মরক্কোর মিডফিল্ডার নাবিল।

শেষ পর্যন্ত অবশ্য তেমন কোনো লড়াই হয়নি। ৮২তম মিনিটে জয় নিশ্চিত করেন গোদিন। পর্তুগিজ মিডফিল্ডার তিয়াগোর ক্রসে হেড করে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই ডিফেন্ডার।