পদকের স্বপ্নই দেখাচ্ছেন শুটিংয়ের কোচরা
স্বল্প মেয়াদে দায়িত্ব নিলেও সামনের আসরগুলোয় পদক এনে দেয়ার স্বপ্ন দেখাচ্ছেন শুটিংয়ের নতুন প্রধান কোচ জং হিয়ান লি।
বাংলাদেশ শুটিং ফেডারেশনের সঙ্গে কোরিয়ার দুই কোচের চুক্তির মেয়াদ আপাতত মাত্র তিন মাসের। পারফরমেন্সের বিবেচনায় অবশ্য চুক্তি নবায়নের সুযোগ থাকছে।
আগামী ২৪ থেকে ৩১ জানুয়ারি কুয়েতে হবে চতুর্থ আন্তর্জাতিক শুটিং গ্রাঁ প্রি। এপ্রিলে দক্ষিণ কোরিয়াতে হবে বিশ্বকাপ। মাঝে আছে ইন্দো-বাংলা গেমস। আপাতত এই তিন আসরের জন্যই দুই বিদেশী কোচ এনেছে ফেডারেশন। কুয়েতের আসর থেকেই পদক পাওয়ার আশা জানান এর আগেও বাংলাদেশের শুটারদের সঙ্গে কাজ করা জং হিয়ান লি।
আবদুল্লা হেল বাকি, রত্নাদের নিয়ে শনিবার প্রথম দিনের অনুশীলনে প্রাথমিক বিষয়গুলো নিয়েই কাজ করেছেন জং হিয়ান লি। আধুনিক সরঞ্জামের অভাব আছে জেনেই ধাপে ধাপে এগিয়ে যাওয়ার কথাও জানান এই কোরিয়ান কোচ।
বাংলাদেশের শুটিংয়ে প্রথমবারের মতো বিদেশি নারী কোচ হিসেবে আসা কাল সো মি মূলত উঠতি শুটারদের নিয়ে কাজ করবেন। শনিবার গুলশান শুটিং কমপ্লেক্সে প্রথম দিনে ছাত্রদের দেখে কোনো মূল্যায়নে যেতে রাজি নন কোচ হিসেবে বার্সেলোনা অলিম্পিকে কোরিয়াকে পদক এনে দেয়া কাল সো মি।
“সবে এলাম। তাই এখনই কিছু বলতে পারব না। কাজ শুরু করি। তারপর উঠতিদের সম্ভাবনা নিয়ে বলতে পারব।”
“দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগুচ্ছি আমরা। রিও দে জেনেইরো অলিম্পিকে আমরা ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে চাই না। যদি এখন থেকে শুটারদের পেছনে না লেগে থাকতে পারি, তাহলে লক্ষ্যগুলো পূরণ করা সম্ভব হবে না।”
১৭ জন সিনিয়র শুটারসহ মোট ৫৬ জনকে নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ ক্যাম্প। ইন্তেখাবুল জানান, প্রতি বছর চার ইভেন্টের জন্য ৪০ জন করে শুটার তৈরি করতে চান তারা। এছাড়া ২০২০ সালের অলিম্পিক সামনে রেখেও দুটি বয়সভিত্তিক দল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
