বার্সাকে ময়েসের হুমকি
বার্সেলোনার চেয়ে শক্তির পার্থক্যে তার দল অনেক পিছিয়ে থাকলেও ভয় পাচ্ছেন না ডেভিড ময়েস। উল্টো কাতালুনিয়া দলটিকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রিয়াল সোসিয়েদাদের এই কোচ।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ময়েস দাবি করেন, সেরা দলকে হারানোর ক্ষমতা তার দলের আছে। আর সেটা তার খেলোয়াড়েরা ইতোমধ্যে করে দেখিয়েছে।
শুক্রবার সংবাদ সম্মেলনে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে স্কটিশ কোচ ময়েস বলেন, “ওই দুটো ম্যাচে (রিয়াল মাদ্রিদ ও আতলেতিকোর) বিপক্ষে আমরা যেমন খেলেছিলাম, সে রকম খেলতে পারলে আমাদের জেতার ভালো সম্ভাবনা আছে।”
গত অগাস্টে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে হারানোর পর গত নভেম্বরে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারায় সোসিয়েদাদ।
১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনাকে কঠিন প্রতিপক্ষ মানতে অবশ্য কোনো দ্বিধা নেই ময়েসের। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস হারাতে রাজি নন তিনি।
“আমরা খুব ভালো একটা দলের বিপক্ষে খেলব, যারা খুব প্রতিযোগিতামূলক ফুটবল খেলে। কিন্তু খেলোয়াড়েরা দেখিয়েছে, তারা বার্সেলোনাকে হারাতে পারে এবং তাদের ফের এটা করা দরকার।”
মাদ্রিদের দুই শক্তিশালী দলকে হারানোর সময় অবশ্য সোসিয়েদোদের কোচ ছিলেন না ময়েস। গত নভেম্বরে দলটিতে যোগ দেন তিনি। তার অধীনে এ পর্যন্ত লিগের ৫ ম্যাচে একটিতে হেরেছে দলটি, জিতেছেও মাত্র একটি।
১৫ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে সোসিয়েদাদ।
রোববার সোসিয়েদাদের মাঠ আনোয়েতায় বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
