সোসিয়েদাদের বিপক্ষে মেসিদের প্রতিশোধের মিশন
ইতিহাস-ঐতিহ্য, শক্তি-সামর্থ্য আর পয়েন্ট তালিকায় অবস্থান-সব দিক থেকেই বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে রিয়াল সোসিয়েদাদ। তবু স্পেনের লা লিগায় দুই দলের পরের ম্যাচটি বার্সেলোনার একটা প্রতিশোধ নেয়ার উপলক্ষ।
রিয়াল সোসিয়েদাদের মাঠ আনোয়েতায় রোববার বার্সেলোনা খেলতে নামবে বাংলাদেশ সময় রাত ২টায়।
১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে স্পেনের লা লিগায় পয়েন্ট তালিকায় বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে সোসিয়েদাদ।
সোসিয়েদাদ ক্লাবের ১০৬ বছরের ইতিহাসে মাত্র দুবারই স্পেনের লা লিগা জিততে পেরেছে। আর বার্সেলোনা স্পেনের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার মুকুট পরে ২২বার।
লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেস, চাভি, আন্দ্রেস ইনিয়স্তো-তারকা খেলোয়াড়দের তালিকটা বার্সেলোনায় বেশ লম্বা। আর সোসিয়েদাদের খেলোয়াড় তালিকার দিকে তাকালে অচেনা নামই বেশি।
লম্বা ছুটি কাটিয়ে মেসি, নেইমার, সুয়ারেসরা সবাই ফিরেছেন। সোসিয়েদাদের বিপক্ষে খেলার জন্য তৈরিও আছেন তারা সবাই। তবু কাম্প নউ সমর্থকদের মনে ভয়ের কারণ ম্যাচটি সোসিয়েদাদের মাঠে বলে।
গত মৌসুমে নিজেদের মাঠে সোসিয়েদাদকে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। কিন্তু লিগের শেষ ভাগে সোসিয়েদাদের মাঠে ফিরতি ম্যাচে ৩-১ গোলে হেরে আসে তারা।
আরেকটু পেছনে তাকালে আনোয়েতা বার্সেলোনার জন্য এক অপয়া মাঠ বলেই মনে হবে। ২০০৭ সালের মে মাসের পর এই মাঠে লা লিগায় কোনো ম্যাচ জিততে পারেনি স্পেনের অন্যতম সফল দলটি।
ছুটি কাটিয়ে শুক্রবার বার্সেলোনায় ফেরেন নেইমার। ফেরার পর রোববারের ম্যাচে খেলতে নামার ইচ্ছার কথা জানানোর সঙ্গে বার্সেলোনার সোসিয়েদাদ গেরো কাটানোর প্রতিজ্ঞার কথাও জানান ব্রাজিলের তারকা।
