২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের সামনে ভালেন্সিয়া বাধা

ঘরোয়া লিগে হারের স্বাদ ভুলতে বসা রিয়াল মাদ্রিদের সামনে এবার রয়েছে ভালেন্সিয়া বাধা। সঙ্গে কার্লো আনচেলত্তির দলের সামনে থাকছে, গত সপ্তাহের প্রীতি ম্যাচের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 07:26 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

তবে কাজটা সহজ হবে না লা লিগার শীর্ষে থাকা রিয়ালের। ভালেন্সিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স অতটা ভালো না হলেও গত পাঁচ ম্যাচে অপরাজিত আছে চতুর্থ স্থানে থাকা দলটি।

রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় ভালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় শুরু হবে ম্যাচটি।

প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ২২ ম্যাচ ধরে অপরাজিত আছে রিয়াল। কিন্তু গত মঙ্গলবার এসি মিলানের বিপক্ষে দুবাই চ্যালেঞ্জ কাপে ৪-২ গোলে হেরে বসে স্পেনের দলটি। প্রীতি ম্যাচ হওয়ায় প্রতিযোগিতামূলক ফুটবলে রিয়ালের টানা জয়ের রেকর্ড গড়ার পথে কোনো বাধা হয়নি তা।

২০১১ সালে ব্রাজিলের ক্লাব কোরিচিবা টানা ২৪টি প্রতিযোগিতামূলক ম্যাচ জিতে রেকর্ডটা গড়ে। সেটা ভেঙে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর সুযোগ তাই রিয়ালের থাকছে।

সে পথে আরেক ধাপ এগোনোর লক্ষ্যে মাদ্রিদের দলটির বাধা চোট সমস্যা।

চোট থেকে সেরে না ওঠায় ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ডিফেন্ডার সের্হিও রামোস। আরেক ডিফেন্ডার ব্রাজিলের মার্সেলো পেশির চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও এই ম্যাচে তার খেলার ব্যাপারে নিশ্চিত করেনি পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি।

রিয়ালের একটা সুখবরও আছে বটে- চোট কাটিয়ে ইতালির ক্লাব মিলানের বিপক্ষে মাঠে ফেরেন মিডফিল্ডার হামেস রদ্রিগেস। ভালেন্সিয়ার বিপক্ষেও তার খেলার জোর সম্ভাবনা আছে।

ভালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তাদের অতীত পারফরম্যান্সও কিছুটা ভাবনায় ফেলতে পারে কোচ আনচেলত্তিকে। গত এপ্রিলে এই দলের বিপক্ষে লা লিগার ম্যাচে দুইবার পিছিয়ে পড়ে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল।