২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা নিয়েই শিরোপা জিততে আত্মবিশ্বাসী ইনিয়েস্তা

বার্সেলোনার ওপর খেলোয়াড় কেনার নিষেধাজ্ঞা থাকলেও দলটির মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তার বিশ্বাস, এই বছরে শিরোপা জেতার মতো যথেষ্ট শক্তি ও মেধা তার দলে আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 06:57 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

১৮ বছরের কম বয়সী আন্তর্জাতিক ফুটবলার কেনার নিয়ম ভাঙায় বার্সেলোনাকে নিষেধাজ্ঞা দেয় ফিফা। পরে শাস্তির বিরুদ্ধে দলটি আপিল করলে তা খারিজ করে দেয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এরপর কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসেও (সিএএস) আপিল করে হতাশ হতে হয় কাতালুনিয়া দলটিকে।
ফলে ২০১৬ সালের আগ পর্যন্ত বার্সেলোনা কোনো নতুন খেলোয়াড় কিনতে পারবে না।

লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারে গড়া দলটির আক্রমণভাগ সফলভাবেই এগিয়ে যাচ্ছে। মিডফিল্ডারদের নিয়েও তেমন কোনো দুশিন্তা নেই তাদের। কিন্তু রক্ষণ নিয়ে সমস্যায় পড়তে পারে লা লিগার অন্যতম সফল দলটি।

ইনিয়েস্তা অবশ্য কোনো সমস্যা দেখছেন না। তার দৃঢ় বিশ্বাস, গত মৌসুমের শিরোপা খরা কাটিয়ে এবার সফল হবে তার দল।

“এই মৌসুমে শিরোপা না জেতার কোনো চিন্তা আমাদের মনেই আসছে না। আমাদের দলটি শিরোপা জেতার জন্য যথেষ্ট মানসম্পন্ন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের প্রতি বিশ্বাস রাখা এবং শীর্ষে পৌঁছতে আমাদের উন্নতি করে যাওয়া।”

বড় দিনের লম্বা ছুটি শেষে রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার লড়াইয়ে নামবে বার্সেলোনা।

১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ।