হারের দায় রেফারিকে দিলেন মরিনিয়ো
রক্ষণের ভুলের কথা চেলসির কোচ জোসে মরিনিয়ো নিজেই স্বীকার করেছেন। টটেনহ্যামের কাছে হেরে যাওয়ার পেছনে ফুটবল পণ্ডিতদের অনেকে তার কৌশলের ভুলও দেখছেন। তবে চেলসির পর্তুগিজ কোচ তার দলের হারের দায় চাপিয়েছেন রেফারির ওপর।
বৃহস্পতিবার টটেনহ্যামের মাঠ হোয়াইট হার্ট লেন থেকে ৫-৩ গোলে হেরে আসে চেলসি।
ম্যাচ শেষে ফুটবল পণ্ডিতদের অনেকে তাদের বিশ্লেষণে বলেন, চেলসির গোলের প্রয়োজনের সময় মরিনিয়োর দিদিয়ের দ্রগবাকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্তটা ঠিক ছিল না। এ ছাড়া চেলসির রক্ষণেরও সমালোচনা করেন অনেকে।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মরিনিয়ো সমালোচনা করেন রেফারির। দিয়েগো কস্তার গোলে চেলসি ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় রেফারি তাদের একটি পেনাল্টি দেয়নি বলে উল্লেখ করেন তিনি।
"১-০ অবস্থায় একটি পরিষ্কার সুযোগ এটাকে ২-০ করতে পারত। আর ২-০ তে এগিয়ে যাওয়ার পর ফলটা স্বাভাবিকভাবেই ভিন্ন হতে পারত।”
রেফারির ওপর দায় চাপানো মরিনিয়োর জন্য এটাই প্রথম নয়। এর আগে গত রোববার সাউথ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করার পরও একই কথা বলেন মরিনিয়ো।
সেই ম্যাচেও রেফারি একটি পরিষ্কার পেনাল্টি দেয়নি বলে অভিযোগ করেছিলেন চেলসি কোচ।
২০ ম্যাচ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার সিটি আর চেলসির পয়েন্ট ও গোল পার্থক্য এখন সমান হয়ে গেছে।
দুই দলেরই পয়েন্ট ৪৬, গোল পার্থক্য +২৫। লিগের প্রথম দুটি স্থানেই আছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
