২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামে বিধ্বস্ত চেলসি

চেলসিকে লজ্জায় ডুবিয়েছে টটেনহ্যাম হটস্পার। পিছিয়ে পড়েও জোসে মরিনিয়োর দলকে বড় ব্যবধানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 02:01 AM

Updated : 12 Oct 2022, 03:07 PM

বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় টটেনহ্যামের কাছে ৫-৩ গোলে হেরেছে চেলসি।

টটেনহ্যামের মাঠ হোয়াইট হার্ট লেনে স্বাগতিকদের হ্যারি কেন জোড়া গোল করেন। একটি করে গোল করেন ড্যানি রোজ, আন্দ্রোস টাউনসেন্ড ও নাসের চাডলি।

চেলসির দিয়েগো কস্তা, এডেন হ্যাজার্ড ও জন টেরি একটি করে গোল করেন।

শুরুতে বোঝা যায়নি কী অপেক্ষা করছে চেলসির সামনে। ১৮তম মিনিটে কস্তার গোলে এগিয়ে যাওয়া দলটির সামনে ছিল জয়ে ফেরার হাতছানি। আগের ম্যাচে সাউথ্যাম্পটনের সঙ্গে ড্র করেছিল তারা।

৩০তম মিনিটে কেনের গোলে সমতা ফেরায় টটেনহ্যাম। এরপর আরো ধারাল হয়ে উঠে স্বাগতিকদের আক্রমণগুলো। তবে এগিয়ে যাওয়ার জন্য ৪৫তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের।

চাডলির শট বারে লেগে ফিরলে বেঁচে যাচ্ছিল অতিথিরা; তাদের হতাশ করে বল জালে পাঠিয়ে দেন ড্যানি।

যোগ করা সময়ে গ্যারি ক্যাহিল ডিবক্সে কেনকে ফাউল করলে পেনাল্টি পায় টটেনহ্যাম। তা থেকে গোল করতে কোনো ভুল করেননি টাউনসেন্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে টটেনহ্যামের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে চেলসি। মরিনিয়োর শিষ্যদের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ৫২তম মিনিটে ব্যবধান ৪-১ করে ফেলেন কেন।

৬১তম মিনিটে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন হ্যাজার্ড। সেস ফেব্রেগাসের সঙ্গে এক-দুই খেলে বল জালে পাঠান তিনি।

তবে ব্যবধান কমানোর স্বস্তি বেশিক্ষণ থাকেনি অতিথি শিবিরে। ৭৮তম মিনিটে চাডলির লক্ষ্যভেদে স্কোর লাইন হয়ে যায় ৫-২।

৮৭তম মিনিটে ব্যবধান কমান টেরি। দারুণ নৈপুণ্যে বল নিয়ে ডি-বক্সে ঢুকে নিচু ক্রস দিয়েছিলেন হ্যাজার্ড। ব্রানিস্লাভ ইভানোভিচের পা হয়ে তা চলে যায় ফাঁকায় দাড়িয়ে থাকা টেরির কাছে। তিনি জাল খুঁজে নিতে কোনো ভুল করেননি।

শেষ সময়ে ফেব্রেগাসের শট বারে লেগে না ফিরলে ব্যবধান আরো কমাতে পারতো চেলসি। তা না হওয়ায় ম্যানচেস্টার সিটি আর চেলসির পয়েন্ট ও গোল পার্থক্য এখন সমান হয়ে গেছে।

দুই দলেরই পয়েন্ট ৪৬, গোল পার্থক্য +২৫। লিগের প্রথম দুটি স্থানেই আছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এই জয়ে আর্সেনালকে (৩৩) পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। তাদের পয়েন্ট ৩৪। চার নম্বরে থাকা সাউথ্যাম্পটনের পয়েন্ট ৩৬।