২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসের সঙ্গে চুক্তি বাড়াবেন না তেভেস

ইউভেন্তুসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ইচ্ছা নেই আর্জেন্টিনার ফরোয়ার্ড কার্লোস তেভেসের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 06:46 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

ইতালির সেরি আর ক্লাব ইউভেন্তুসের সঙ্গে তেভেসের চুক্তির মেয়াদ আছে ২০১৬ সালের জুন পর্যন্ত। ক্লাবটি আর্জেন্টিনার তারকার সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব দেয়। তবে এতে আপাতত সাড়া না দেয়ার কথা জানান তেভেস।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বুধবার সাংবাদিকদের তেভেস বলেন, “আমি বলেছি, আমি আমার চুক্তির মেয়াদ পূর্ণ করতে চাই। আমি মেয়াদ বাড়ানোর কথা ভাবছি না; কারণ, এই মুহূর্তে এটা আমার ভাবনায় নেই।”

তেভেস কি তাহলে ইউভেন্তুসের চুক্তি শেষ করে আর্জেন্টিনা ফিরে যাবেন? আপাতত অবশ্য নিজের পুরানো ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে যাওয়া নিয়েও ভাবছেন না তিনি।

“আমার চুক্তির এখনো দেড় বছর বাকি আছে এবং এই পর্যায়ে ভালো খেলতে থাকলে ছেড়ে যাওয়াটা জটিল। আমাকে বিষয়গুলো ধীরে-সুস্থে নিতে হবে আর উপভোগ করতে হবে এবং ফিরে আসার (বুয়েনস আইরেসে) জন্য পাগল হওয়া যাবে না।”