রিয়ালেই থাকতে চান বেল
রিয়াল মাদ্রিদ ছাড়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন গ্যারেথ বেল। ইউরোপের সফলতম দলটিতে সুখেই আছেন বলে জানিয়েছেন ওয়েলসের এই ফরোয়ার্ড।
গত মৌসুমে টটেনহ্যাম হটস্পার থেকে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে রিয়ালে যোগ দেন বেল। তারপর থেকে এ পর্যন্ত স্পেনের দলটির হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট চারটি শিরোপা জেতেন তিনি।
স্পেনে আসার পর থেকে বেল রিয়ালের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠলেও কয়েকদিন ধরে ম্যাচচেস্টার ইউনাইটেডে তার যোগ দেয়া নিয়ে গুজব ওঠে।
এ বিষয়ে এসি মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেল বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেডে যাব? আমি মাদ্রিদে খুব সুখে আছি, এই শহর, এখানকার আবহাওয়া এবং এই ক্লাবকে আমি ভালোবাসি।”
মঙ্গলবার রাতে দুবাই চ্যালেঞ্জ কাপে ইতালির ক্লাব মিলানের কাছে ৪-২ গোলে হারে রিয়াল।
রিয়ালের সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনার কথাও জানান বেল।
“২০১৯ সালে আমার চুক্তি শেষ হবে এবং আমি নতুন একটা চুক্তি সই করতে পারি।”
