২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইভিংয়ের বিরুদ্ধে সোচ্চার আর্সেনাল কোচ

ফুটবল ম্যাচে খেলোয়াড়দের ‘ডাইভ’ দেয়ার প্রবণতা রুখতে সোচ্চার হয়ে উঠেছেন আর্সেন ভেঙ্গার। তাদের শাস্তি দিতে একটি স্বাধীন প্যানেল তৈরির দাবি জানিয়েছেন আর্সেনালের এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 03:58 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

ভেঙ্গার জানান, ডাইভিংয়ের ঘটনার জন্য পরে খেলোয়াড়দের শাস্তি দেয়ার ক্ষমতা থাকতে হবে প্যানেলটির। ফুটবলে অভিজ্ঞদের নিয়ে প্যানেলটি গঠন করা উচিত বলে মনে করেন ৬৫ বছর বয়সী এই কোচ।

“ডাইভিংয়ের জন্য শাস্তি পেলেই কেবল খেলোয়াড়েরা এটা করা বন্ধ করবে।"

ফ্রি-কিক বা পেনাল্টি আদায় করতে ফুটবলারদের ডাইভিংয়ের মানসিকতা নতুন নয়। খেলাটির সৌন্দর্য্য নষ্টের পাশাপাশি রেফারির জন্য সঠিক সিদ্ধান্ত নেয়াটা অনেক কঠিন করে ফেলে ফুটবলারদের ডাইভ দেয়াটা।

ব্রাজিল বিশ্বকাপেও এমন বাজে ঘটনার সাক্ষী হয় ফুটবল বিশ্ব। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ডাইভ দেয়ার জন্য পরে ক্ষমাও চান নেদারল্যান্ডসের তারকা ফরোয়ার্ড আরিয়েন রবেন।

সম্প্রতি ইপিএলে বেশ কয়েকজন খেলোয়াড় ডাইভ দেয়ায বিষয়টি আলোচনায় এসেছে। গত ১৩ ডিসেম্বর হাল সিটির বিপক্ষে ম্যাচে চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তা এবং মিডফিল্ডার উইলিয়ানকে এই জন্য হলুদ কার্ড দেখান রেফারি। এছাড়া ওয়েস্ট হ্যামের কোচ চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের বিপক্ষে ডাইভ দেয়ার অভিযোগ আনেন। আর গত রোববার সাউথ্যাম্পটনের বিপক্ষে একই অপরাধে হলুদ কার্ড পান চেলসির মিডফিল্ডার সেস ফাব্রেগাস।

ফরাসি এই কোচ মনে করেন, খেলার পর ভিডিও দেখে ডাইভ দেয়া খেলোয়াড়দের নিষিদ্ধ করা প্রয়োজন, “ম্যাচের পর আমাদের শাস্তি দেয়া উচিত।”