খেলোয়াড় কেনায় বার্সার ওপর নিষেধাজ্ঞা বহাল
খেলোয়াড় কেনার ওপর ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনার করা আপিল খারিজ করে দিয়েছে ক্রীড়ার সর্বোচ্চ আদালত। ফলে ২০১৫ সালে নতুন কোনো খেলোয়াড় কিনতে পারবে না স্পেনের শীর্ষস্থানীয় দলটি।
১৮ বছরের কম বয়সী আন্তর্জাতিক ফুটবলার কেনার নিয়ম ভাঙায় গত এপ্রিলে স্পেনের দলটির ওপর ১৪ মাসের নিষেধাজ্ঞা দেয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
পরে শাস্তির বিরুদ্ধে বার্সেলোনা আপিল করলে তা খারিজ করে দেয় ফিফা। এরপর কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করে বার্সেলোনা। একই সঙ্গে উরুগুয়ে তারকা লুইস সুয়ারেসসহ কয়েকজন ফুটবলারকে দলে নেওয়ার অনুমতি পায় ক্লাবটি।
ক্রীড়ার সর্বোচ্চ আদালত ফিফার শাস্তি বজায় রাখায় ২০১৬ সালের জানুয়ারির আগে কোনো খেলোয়াড় কিনতে পারবে না বার্সেলোনা।
কাতালুনিয়া ক্লাবটি অবশ্য এখনও হার মানতে রাজি নয়। সিএএসের সিদ্ধান্তের বিরোধিতা করে সুইস ফেডারেল আদালতে আপিল করার কথা বিবেচনা করছে বার্সেলোনা।
