২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই বছর শেষ লিভারপুলের

এ মৌসুমের শুরু থেকে নিজেদের হারিয়ে খোঁজা লিভারপুল দারুণ এক জয় দিয়েই বছর শেষ করল। অ্যাডাম লালানার জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ৪-১ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 09:57 AM

Updated : 13 Oct 2022, 12:58 PM

সোমবার রাতে বছরের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে ব্রেন্ডন রজার্সের দল।

নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রথম আধঘণ্টায় ম্যাচের এই ফল আন্দাজ করা যায়নি। আলবের্তো মরেনোর গোলে ম্যাচের ৩৩তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৫১তম মিনিটে অদ্ভুত একটি গোল পান লালানা। ব্যাকপাস থেকে বল পেয়ে গোলরক্ষক উড়িয়ে মারতে চেয়েছিলেন; কিন্তু এগিয়ে আসা লালানার গায়ে লেগে বল জালে ঢুকে যায়।

পরের মিনিটেই একটি গোল শোধ করেন সোয়ানসির গিলফি সিগুর্ডসন। তবে ম্যাচের ৬১তম মিনিটে দারুণ একটি গোলে লিভারপুলকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন লালানা।

আট মিনিট পর জনজো শেলভির আত্মঘাতী গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

আরো বড় ব্যবধানে জিততে পারতো অল রেড নামে পরিচতি দলটি। কিন্তু রাহিম স্টার্লিংয়ের একটি শট বারে লাগে; আর বদলি হিসেবে নামা মারিও বালোতেল্লির একটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক ফাবিয়ানস্কি।

লিগের ঠিক মাঝামাঝি এসে ১৯ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ২৮ পয়েন্ট। ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জোসে মরিনিয়োর চেলসি।