২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাপিড রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন রাজীব

বিজয় দিবস আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন এনামুল হোসেন রাজীব। সোমবার নবম রাউন্ডের খেলা শেষে আট পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই গ্র্যান্ডমাস্টার ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2014, 08:08 PM

Updated : 22 Aug 2022, 08:08 PM

নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব রাজীবের সমান পয়েন্ট পেলেও টাইব্রেকিংয়ে রানারআপ হয়েছেন।

সাত পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর চতুর্থ, নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম পঞ্চম, লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগ ষষ্ঠ এবং মীর চেস ক্লাবের আনিসুজ্জামান জুয়েল সপ্তম হয়েছেন।

আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, মো. সিরাজুল কবির, মো. হাদিউজ্জামান, জান্নাতুল ফেরদৌস, রফিকুল ইসলাম, স্বরনাব চৌধুরী এবং তাহসিন তাজওয়ার জিয়া-এই আটজন দাবাড়ু বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

৯ রাউন্ডে সুইস লিগ পদ্ধতিতে ১২০ জন রেটেড ও ননরেটেড খেলোয়াড় এবারের আসরে অংশ নেয়।