২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতাল অবস্থায় জোরে গাড়ি চালানোয় ফেলপসের কারাদণ্ড

মাতাল অবস্থায় মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অপরাধে শাস্তি পেতে হলো যুক্তরাষ্ট্রের তারকা সাঁতারু মাইকেল ফেলপসকে। ১৮টি অলিম্পিক সোনার মালিক ফেলপসকে এক বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছে আদালত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2014, 03:52 PM

Updated : 13 Oct 2022, 12:56 PM

ফেলপসকে আগামী ১৮ মাস নজরদারিতে রাখা হবে। এর মধ্যে মদ ছুঁতে পারবেন না অবসর ভেঙে আবার সুইমিংপুলে ফেরা এই সাঁতারু।

২৯ বছর বয়সী ফেলপস গত সেপ্টেম্বরে ম্যারিল্যান্ডের বাল্টিমোরে মদ খেয়ে মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন। তার গাড়ির গতি ছিল ঘণ্টায় ৮৪ মাইল। অথচ তিনি গাড়ি চালাচ্ছিলেন ঘণ্টায় ৪৫ মাইল গতিসীমার লেনে। তার শরীরে অ্যালকোহলের মাত্রাও ছিল বৈধ সীমার প্রায় দ্বিগুণ।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের সাঁতার কর্তৃপক্ষ ফেলপসকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না তিনি। তবে অনুশীলন চালিয়ে যেতে কোনো সমস্যা হবে না তার।

মদ পানের অভ্যাস ছাড়তে এরই মধ্যে অ্যারিজোনার একটি কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন ফেলপস।
ফেলপস জানান, ৪৫ দিনের এই কর্মসূচিতে তিনি নিজেকে নতুন করে চিনেছেন।

“আমি এখন অনেক উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করছি।”

২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত অলিম্পিকে ২২টি পদক জেতেন ফেলপস, যার ১৮টিই সোনার। লন্ডন অলিম্পিকের পর অবসর নেয়া ফেলপস আড়াই বছর পর এ বছরের শুরুর দিকে আবার পুলে ফেরেন।