রিয়ালে ভীত নয় আর্জেন্টিনার সান লরেন্সো
দুই দলের ইতিহাস, ঐতিহ্য, সম্পদ, সাফল্য ও শক্তির তুলনা করে অনেকেই সান লরেন্সো আর রিয়াল মাদ্রিদের ম্যাচটিকে আখ্যা দিচ্ছেন ‘ডেভিড ও গোলিয়াথ’ -এর লড়াই বলে। তবে ‘পুচকে’ লরেন্সো এত সহজে মাথা নোয়াবার নয়। ক্লাব ফুটবলের পরাক্রমশালী পরাশক্তি রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামার আগে হুমকি দিয়ে রেখেছে তারা।
শনিবার মরক্কোর মারাকেশ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, হামেস রদ্রিগেস, করিম বেনজেমা, ইকের কাসিয়াস - বড় সব তারকায় রিয়াল মাদ্রিদে। প্রতিপক্ষ আর্জেন্টিনার ক্লাব লরেন্সো দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট জিতলেও অত বড় কোনো তারকা নেই।
সান লরেন্সোর সব খেলোয়াড় মিলে আর্জেন্টিনার লিগে এ মৌসুমে মোট ২৬ গোল করেছেন। আর রিয়াল মাদ্রিদের রোনালদো লা লিগায় একাই করেন ২৫ গোল।
সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১টি ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। এই ২১ ম্যাচে ৭৯টি গোল করেছে তারা। আর লরেন্সো তাদের সবশেষ ৫৬টি আনুষ্ঠানিক ম্যাচে গোল করেছে ৬৬টি।
স্পেনের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল সবশেষ দলবদলের বাজারে শুধু কলম্বিয়ার রদ্রিগেসকে কিনতেই খরচ করে ৮ কোটি ইউরো। আর নতুন মৌসুমের জন্য দল সাজাতে সান লরেন্সো সব মিলিয়ে খরচ করে মাত্র ৩০ লাখ ইউরো।
স্বাভাবিকভাবেই এ ম্যাচের আগে বেশিরভাগ মানুষই সবদিক থেকে এগিয়ে থাকা রিয়ালকেই ‘ফেভারিট’ মানছে।
সান লরেন্সোর কোচ এদগার্দো বাউজা বলেন, “আমি শতভাগ বিশ্বাস করি, আমাদের সুযোগ আছে। আপনাকে জয়ের স্বপ্ন দেখতে হবে।”
মিডফিল্ডার লিয়ান্দ্রো রোমাগনোলির কণ্ঠেও ছেড়ে কথা না বলার প্রত্যয়।
“আমাদের প্রতিটি বলের জন্য লড়াই করতে হবে...। তাদের অতিরিক্ত সমীহ করলে বিষয়টি অসম্ভব হয়ে উঠবে।”
ফরোয়ার্ড মার্তিন কাউতেরুচ্চিওর কণ্ঠেও নির্ভীক লড়াইয়ের হুংকার।
“আমরা রিয়ালে ভীত নই। অবশ্যই তারা বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু আমরাও আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করব।”
“আমরা এই ট্রফিটি জিততে চাই।”
সান লরেন্সো প্রতিশ্রুতি মতো প্রতিরোধ গড়তে পারলেই কেবল ক্লাব বিশ্বকাপে জমজমাট একটি ফাইনালের প্রত্যাশা করতে পারে ফুটবল বিশ্ব। তা না হলে ইউরোপের সঙ্গে লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের পার্থক্যটা আরো প্রকট হয়ে দেখা দেবে।
ওশেনিয়া চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জো। আর মেক্সিকোর ক্লাব ক্রুস আসুলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে ইউরোপের সফলতম দল রিয়াল।
এর আগে একবারই ক্লাব বিশ্বকাপে খেলে রিয়াল। ২০০০ সালের সেই টুর্নামেন্টে চতুর্থ হয়েছিল তারা।
