হকির প্রস্তুতি ক্যাম্প থেকে বাদ জাহিদ
বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের প্রস্তুতি ক্যাম্পের দল থেকে বাদ পড়েছেন জাহিদ হোসেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই গোলরক্ষকের পারফরম্যান্সে খুশি নন জাতীয় হকি দলের প্রধান ও সহকারী কোচ।
হকি দলের সহকারী কোচ মামুনুর রশীদ জানান, জাহিদ ছাড়াও বেলাল হোসেন, ইরফান হোসেন ও ফজলে রাব্বী প্রস্তুতি ক্যাম্পের দল থেকে বাদ পড়েছেন।
“তার (জাহিদ) গতি আর আগের মতো নেই। আর যে তিনজন বাদ পড়েছে, তাদের পারফরম্যান্সও আমাদের সন্তুষ্ট করতে পারেনি।”
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চারজনের মধ্যে রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টু ও কামরুজ্জামান রানা এখনো প্রস্তুতি ক্যাম্পে আছেন। সহকারী কোচ জানান, এই তিনজন প্রস্তুতির পরীক্ষায় এখনো পুরোপুরি ‘পাস’ করতে পারেননি, তবে তারা উন্নতি করছেন।
আগামী জানুয়ারি সিঙ্গাপুরে হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের খেলা। এ জন্য সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে প্রস্তুতি নিচ্ছে হকি দল।
চার জন বাদ পড়ায় প্রস্তুতি ক্যাম্পে এখন খেলোয়াড় আছেন ২৫ জন। বিকেএসপির এই ক্যাম্প থেকে ১৮ জনকে নিয়ে হবে চূড়ান্ত দল। এ মাসের শেষ সপ্তাহে দল চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানান মামুনুর রশীদ।
