২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হারানোর লক্ষ্য জাপানের যুবাদের

বাংলাদেশ সফরের একমাত্র প্রীতি ম্যাচে একটাই লক্ষ্য জাপান অনূর্ধ্ব-২১ দলের। স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে অলিম্পিক বাছাইপর্বের আগে আত্মবিশ্বাসের পালে হাওয়া ভরে নিতে চায় তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 05:39 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দল ও জাপান যুব দলের প্রীতি ম্যাচটি হবে। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। চ্যানেল নাইন খেলাটি সরাসরি সম্প্রচার করবে। আর রেডিও ভূমিতে শোনা যাবে খেলার ধারা বিবরণী।

ম্যাচের আগের দিন বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে জাপান অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক মাতসুবারা কেন তাদের লক্ষ্যের কথা বলেন।

“ভালো ম্যাচ উপহার দেয়ার লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশে এসেছি। তবে ফুটবলে জয় ছাড়া আর কোনো চিন্তা নিয়ে আমরা মাঠে নামি না।”

বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলেই মালয়েশিয়াতে অলিম্পিক বাছাইপর্বে খেলতে যাবে জাপানের যুব দলটি। ২০১৬ সালের রিও অলিম্পিকে জায়গা করে নেয়ার লড়াইয়ের প্রস্তুতিটা ভালোভাবেই সারতে চাইছে তারা।

Image
ছবি: মোহাম্মদ জুবায়ের

ছবি: মোহাম্মদ জুবায়ের

“অলিম্পিক বাছাইয়ের আগে এটা আমাদের শেষ প্রস্তুতি ম্যাচ। ভালো খেলে জিততে চাই আমরা।” এ বছর দক্ষিণ কোরিয়ার এশিয়ান গেমসে অংশ নেয় জাপানের অনূর্ধ্ব-২১ দলটি। কোয়ার্টার-ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় তারা। এশিয়ান গেমসের পর থাইল্যান্ডের বিপিক্ষে একটি প্রীতি ম্যাচে ২-০ গোলে জেতে জাপানের যুবারা। বাংলাদেশের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ কোচ তেগুরামোরি মাকাতো বলেন, ফুটবল উপভোগ করার কথা। “আমরা যেভাবে খেলি, সেভাবেই খেলব। এখানে ফুটবল উপভোগ করতে এসেছি। এ ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি আমরা।” এরপর মাকাতো বলেন, “বাংলাদেশের খেলা সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। তবে আমাদের সহকারী কোচ ওদের নিয়ে কিছু কাজ করেছে। ওদের খেলার কিছু ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে। আমরা সেগুলো দেখব।”