২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের বিপক্ষে অঘটনের অপেক্ষায় আসুল

ইতিহাস, ঐতিহ্য আর শক্তিতে রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক পিছিয়েই আছে ক্রুস আসুল। এটা জানেন বলেই মেক্সিকোর ক্লাবটির কোচ ফিফা ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের আগে 'ফুটবলের বিস্ময়' বা অঘটনের দিকে তাকিয়ে আছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 07:13 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

মরক্কোর মারাকেশ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ আর ক্রুস আসুলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

এমনিতেই রিয়াল মাদ্রিদের চেয়ে সবদিক থেকে অনেক পিছিয়ে আসুল। এর ওপর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দলটির। ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-১ গোলে জিতে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করার আগে খেলা ৬ ম্যাচের ৫টিতেই হেরে এসেছে মেক্সিকোর ক্লাবটি।

সব মিলিয়ে ভাগ্যের দিকেই তাকিয়ে আছেন আসুলের কোচ লুইস ফের্নান্দো তেনা।

"আমরা এখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে উন্মুখ হয়ে আছি। সম্ভবত তারা এখন বিশ্বের সেরা দল। অবশ্যই তারা ফেভারিট। কিন্তু ফুটবলে বিস্ময় ঘটে।"

চ্যাম্পিয়ন্স লিগ আর স্পেনের লা লিগার সবচেয়ে বেশি শিরোপা জয়ী দল রিয়াল মাদ্রিদের ট্রফি-কেসে থরে থরে সাজানো আছে ছোট-বড় ৭৯টি ট্রফি। তবে ক্লাব বিশ্বকাপে এটা তাদের প্রথম শিরোপা জয়ের অভিযান।

এর আগে একবারই ক্লাব বিশ্বকাপে খেলে রিয়াল। ২০০০ সালের সেই টুর্নামেন্টে চতুর্থ হয়েছিল তারা। এবার অবশ্য ক্লাব বিশ্বকাপ জয়ের জন্য সবচেয়ে ফেভারিট রেকর্ড ১০বার ইউরোপ সেরার মুকুট মাথায় পরা দলটি।

সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০টি ম্যাচ জিতে এই টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে রিয়াল। দলটির সেরা তারকা রোনালদো আছেন তুঙ্গস্পর্শী ফর্মে। এই বছরে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৬১ গোল তার।

রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিও শিরোপা জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না।

"আমার সব প্রতিযোগিতাতেই জয়ের লক্ষ্য নিয়ে খেলি।...লিগে এই বছরটা দারুণভাবে শেষ করেছি আমরা এবং এখন ক্লাব বিশ্বকাপে মনোযোগ দেয়ার সময়। আমাদের এটা জিততে হবে।"