‘পেলে-মারাদোনার কাতারে রোনালদো-মেসি’
স্পেনের সাবেক তারকা স্ট্রাইকার রাউল গনসালেস মনে করেন, ফুটবল কিংবদন্তি পেলে ও মারাদোনার মতোই সেরার কাতারে আছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো এবং বার্সেলোনার লিওনেল মেসি।
বিবিসির এক ফুটবল অনুষ্ঠানে ৩৭ বছর বয়সী রাউল বলেন, রোনালদো আর মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম দুই জন।
তারা পেলে-মারাদোনার চেয়ে ভালো কি না - এমন প্রশ্নের জবাবে রাউল বলেন, “তারা শীর্ষে আছে, কিন্তু আমি মনে করি, ফুটবলে কে প্রথম, কে দ্বিতীয় বলাটা কঠিন। কিন্তু ক্রিস্তিয়ানো যদি পাঁচ বছর খেলতে পারে তাহলে…”
মেসির চেয়ে অবশ্য পর্তুগিজ অধিনায়ক রোনালদোকে একটু এগিয়ে রাখছেন সম্প্রতি নিউ ইয়র্ক কসমসে যোগ দেয়া রাউল।
“আমার মনে হয়, সে এখন ফর্মের তুঙ্গে আছে, আর এভাবে খেলে যেতে পারলে সে ইতিহাসের সেরা খেলোয়াড় হতে পারবে।”
গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো এই মৌসুমেও দারুণ ফর্মে আছেন। লা লিগার ১৩ ম্যাচেই ২৩ গোল করেছেন তিনি। সব ধরণের প্রতিযোগিতা মিলে এবারের মৌসুমে তার গোল ৩০টি।
