২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলমেরিয়ার মাঠে নামছে দুর্দান্ত রিয়াল

চলতি বছরে লা লিগায় নিজেদের শেষ ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। কিছুটা চোট সমস্যা থাকলেও যে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে কার্লো আনচেলত্তির দল, তাতে প্রিয় ক্লাবটির আরেকটি জয়ের আশা করতেই পারে সমর্থকেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 11:30 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় আলমেরিয়ার মাঠে হবে ম্যাচটি।

এখানে জিতলে কার্লো আনচেলত্তির দলের সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা জয়ের রেকর্ডটা ২০ ম্যাচে দাঁড়াবে। গত মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লুদোগোরেতসকে হারিয়ে রেকর্ডটি গড়ে রিয়াল।

তারকায় ঠাসা ইউরোপের সফলতম দলটি গত সেপ্টেম্বরে ঘরোয়া লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শেষ হেরেছিল।

শেষ তিনবারের মুখোমুখি লড়াইয়ে রিয়ালের সামনে দাঁড়াতেই পারেনি আলমেরিয়া। তিন ম্যাচে রোনালদোরা জিতেছে যথাক্রমে ৪-০, ৫-০ ও ৮-১ ব্যবধানে।

আলমেরিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সও একেবারেই ভালো নয়; লিগের গত আট ম্যাচে জেতেনি তারা, হেরেছে ছয়টিতেই।

তাই এবারের আসরে ১০ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে থাকা আলমেরিয়ার বিপক্ষে আরেকটা বড় জয়ের আশা করতেই পারে রিয়াল সমর্থকরা।

চোট নিয়ে খানিকটা দুশ্চিন্তা আছে আনচেলত্তির। মাঝ মাঠের তিন খেলোয়াড় হামেস রদ্রিগেস, লুকা মদ্রিচ ও সামি খেদিরাকে পাচ্ছেন না তিনি। তারপরও তিন দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই তিন জনকে ছাড়া যেভাবে বুলগেরিয়ার দলটিকে উড়িয়ে দিল তার শিষ্যরা, তাতে খুব একটা ভাবনা হয়তো নেই ইতালির এই কোচের।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি জয়ের আশার কথা শোনালেন।

"এই বছর রিয়াল মাদ্রিদের চমৎকার কেটেছে এবং জয় দিয়েই আমরা (চলতি বছরের) লা লিগা শেষ করতে চাই। "

সাফল্যে মোড়া একটা বছর শেষ করার জন্যে দলের সবাইকে দশে ১০ দিয়েছেন ইতালির এই কোচ। গত জুনে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে রিয়ালকে দশমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতান তিনি।

১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের বড় আশার আলো ক্রিস্তিয়ানো রোনালদোর দারুণ ফর্ম।

গত শনিবার সেল্তা ভিগোর জালে তিন গোল করে লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড গড়েন রোনালদো। লুদোগোরেতসের বিপক্ষেও একটি গোল করেন তিনি। দলের সেরা তারকার এমন ফর্মও বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে রিয়ালকে।