২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেবল জয়ের ছক শেখ জামাল কোচের

আগামী মৌসুমের জন্য দল গুছিয়ে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। দলটির কোচ মারুফুল হক ছাত্রদের নিয়ে ট্রেবল জয়ের স্বপ্ন পূরণে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 08:00 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ২৩ জন ফুটবলারের তালিকা দিয়েছে শেখ জামাল। এবার তারা নতুন চার ফুটবলার আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল, ব্রাদার্স ইউনিয়নের রুবেল মিয়া, ফেনী সকার ক্লাবের ডারবো ল্যান্ডিং ও ডেনমার্কের ঘরোয়া লিগে খেলা জামাল ভূইয়াকে দলে ভিড়িয়েছে।

১৯ জন পুরোনো ও চারজন নতুন ফুটবলারে গড়া দল নিয়ে খুশি শেখ জামাল কোচ মারুফুল হক। ক’দিন আগে বাংলাদেশের প্রথম দল হিসেবে তার অধীনে ভুটানের কিংস কাপ জিতেছে শেখ জামাল। এবার ক্লাবকে আগামী মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মারুফুল।

“নতুন-পুরোনো মিলিয়ে ভালো এবং শক্তিশালী দল গড়েছি আমরা। আগামী মৌসুমে ট্রেবল জয়ের ব্যাপারে আমি আশাবাদী।”

শেখ জামাল কখনো এক মৌসুমে তিনটি শিরোপা জিততে পারেনি। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

২০১২-১৩ মৌসুমে বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্রেবল জয়ের কীর্তি গড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। সেবার প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জেতা শেখ রাসেলের কোচ ছিলেন এই মারুফুল-ই। দুই মৌসুম আগে পাওয়া সাফল্যের পুনরাবৃত্তি এবার শেখ জামাল কোচ হিসেবে করতে চান তিনি।

“ছেলেদের নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছি আমরা। আমাদের এই দলটি বেশ শক্তিশালী। আশা করি লক্ষ্য পূরণ করতে পারবে এই দলটি।”

আগামী জানুয়ারিতে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবল মৌসুম। এ আসর দিয়ে ‘ট্রেবল’ জয়ের মিশনও শুরু করবে মারুফুলের শেখ জামাল।