ভারোত্তোলনের ‘সোনার ছেলের’ বিদায়
শুরুটা ছিল বাংলাদেশ গেমসের রূপা জিতে, শেষটা হলো জাতীয় ভারোত্তোলনে রূপা নিয়ে। তবে ভারোত্তোলনকে বিদায় জানানো বিদ্যুৎ কুমার রায়ের মাঝের সময়টা কেবল সোনা জয়ের গল্প।
এবারের জাতীয় ভারোত্তোলন শুরুর আগেই অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বিদ্যুৎ; বৃহস্পতিবার এর আনুষ্ঠানিকতা সারলেন। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে সতীর্থদের কাঁধে চড়ে, ফুলেল শুভেচ্ছা নিয়ে ভারোত্তোলনকে হাসি মুখে বিদায় বলে দিলেন বিদ্যুৎ।
“নতুনরা আসছে। তাদেরকেও জায়গা করে দিতে হবে। তাছাড়া কম দিন তো আর ভারোত্তোলনের সঙ্গে থাকলাম না। সাতাশটি বছর এর সঙ্গে আছি। থেমে যাওয়ার এখনই সময়।”
জাতীয় ভারোত্তোলনের ১০৫ কেজি ওজন শ্রেণিতে এবার রূপা পেয়েছেন বিদ্যুৎ। স্ন্যাচে ১১৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১২৫ কেজি তোলেন তিনি।
বড় ভাই নিরঞ্জন রায়কে দেখে ১৯৮৭ সালের দিকে হাতে বারবেল তুলে নিয়েছিলেন বিদ্যুৎ। পরের বছর বাংলাদেশ গেমসে সোনা জেতেন। এর পরের গল্প সাফল্যে মোড়ানো। জাতীয় ভারোত্তোলনে টানা ২৫বার সোনা জিতেছেন ময়মনসিংহের এই ভারোত্তোলক।
সোনায় মোড়ানো সাতাশ বছরের ক্যারিয়ারে না পাওয়ার আক্ষেপ নেই বললেই চলে। ২০০০ সালে সড়ক দুর্ঘটনার কারণে এবং ২০১৩ সালে চোটের কারণে বাংলাদেশ গেমসে খেলতে পারেননি বিদ্যুৎ।
২০০৪ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার, পরের বছর জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া বিদ্যুতের এসব নিয়ে বিদায় বেলায় কোনো আক্ষেপ নেই।
“আমার শ্রদ্ধেয় বড় ভাই ফটিকদা, কালাম ভাই ভারোত্তোলনে ১৬-১৭ বছর খেলেছেন। আমি খেলেছি ২৭ বছর। এ সময়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা-ই আমার জন্য অনেক। আমি সত্যিই খুব ভাগ্যবান। বিদায় বেলার কোনো আক্ষেপ নেই।”
হাত থেকে বারবেল নামিয়ে রাখলেও ভারোত্তোলনের সঙ্গে সম্পর্কটা পুরোপুরি চুকিয়ে দিচ্ছেন না বিদ্যুৎ। কোচিং করাতে চান তিনি। ফেডারেশন চাইলে উঠতি ভারোত্তোলকদের নিয়ে কাজ করার ইচ্ছাও আছে তার।
“জুনিয়রদের কোচিং করানোর ইচ্ছা আছে আমার। যদি পারি, আরেকজন বিদ্যুৎ তৈরি করব।”
“আমার কোচিংয়ে যদি বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পায়, তাহলে আমার নাম হবে। তাহলে বিদ্যুৎ নিভবে না, জ্বলবে”, যোগ করেন বিদ্যুৎ।
