কাম্প নউয়ে সুয়ারেসের গোলের আনন্দ
অবশেষে কাম্প নউতে গোল পেলেন লুইস সুয়ারেস। ঘরের মাঠে গোল পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত বার্সেলোনার এই স্ট্রাইকার।
বুধবার কাম্প নউয়ে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিএসজিকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। দলের শেষ গোলটি করেন সুয়ারেস।
নিষেধাজ্ঞা কাটিয়ে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে শুরু করার পর সুয়ারেসের এটি দ্বিতীয় গোল। তবে বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে এটা তার প্রথম গোল।
ম্যাচ শেষে এই গোল নিয়ে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি সুয়ারেস।
“আমার আত্মবিশ্বাস বাড়ানো গোল এটি। দলকে সাহায্য করার জন্যও এটি গুরুত্বপূর্ণ ছিল।”
লিভারপুল থেকে এ মৌসুমেই বার্সেলোনায় নাম লেখার সুয়ারেস। তবে স্পেনের ক্লাবটির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম খেলতে নামেন ২৫ অক্টোবর, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো দিয়ে।
বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দেয়ার কারণে যেকোনো ধরণের ফুটবল থেকে ৪ মাস আর উরুগুয়ের হয়ে ৯ ম্যাচের জন্য ফিফা তাকে নিষিদ্ধ করেছিল।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৯টি ম্যাচ খেলেন সুয়ারেস। প্রথম গোল পান আপোয়েলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে।
