২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোর বিপক্ষে বায়ার্নের সহজ জয়

নকআউট পর্বে উঠতে হলে বায়ার্ন মিউনিখের মাঠে জিততেই হতো সিএসকেএ মস্কোকে। সঙ্গে ছিল আরো কিছু সমীকরণ। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেপ গার্দিওলার দলের কাছে ৩-০ গোলে হেরে গিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে রাশিয়ার দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 04:53 AM

Updated : 13 Oct 2022, 12:54 PM

গ্রুপের অন্য ম্যাচে রোমাকে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে বায়ার্নের সঙ্গী হয়েছে ম্যানচেস্টার সিটি।

মস্কোর দলটির নকআউট পর্বে ওঠার স্বপ্ন ম্যাচের শুরুতেই ধাক্কা খায়। ঘরের মাঠ আলিয়াঞ্জ আরেনায় খেলতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে আক্রমণ করে যাওয়া বায়ার্ন অষ্টাদশ মিনিটে টমাস মুলারের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায়।

ডি বক্সের মধ্যে মস্কোর ইসরাইলি মিডফিল্ডার বিবরাস নাতখো ফরাসি ফরোয়ার্ড ফ্রাঙ্ক রিবেরিকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি জার্মানির বিশ্বকাপ জয়ী দলের সদস্য মুলার।

চ্যাম্পিয়ন্স লিগে মুলারের এটা ২৪তম গোল।

প্রথমার্ধের বাকি সময়ে আরো কয়েকটা সুযোগ পায় ২০১৩ সালের চ্যাম্পিয়নরা, কিন্তু বাস্টিয়ান শোয়াইনস্টাইগার ও মারিও গোটসেদের কেউই সাফল্য পাননি।

বিরতির পরও একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখে বায়ার্ন। ব্যবধান দ্বিগুণ করার ভালো দুটি সুযোগও পায় তারা। কিন্তু বল জালে পাঠাতে ব্যর্থ হন আরিয়েন রবেন ও রবের্ত লেভানদোভস্কি।

বায়ার্নের আক্রমণভাগকে মাঝের অনেকটা সময় রাশিয়ার দলটির রক্ষণ ঠেকিয়ে রাখলেও শেষটা সুখকর হয়নি তাদের। নির্ধারিত সময়ের শেষ ছয় মিনিটে দুই গোল করে সহজ জয় নিশ্চিত করে জার্মানরা।

৮৪তম মিনিটে স্বদেশী মিডফিল্ডার শোয়াইনস্টাইগারের ক্রসে হেড করে বল জালে পাঠান সেবাস্টিয়ান রোড। আর ৯০তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে লক্ষভেদ করেন ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের গোলদাতা মারিও গোটসে।

এই ম্যাচে হেরে যাওয়ায় ইউরোপা লিগের টিকেটও পেল না রাশিয়ার দল মস্কো। রোমার সমান ৫ পয়েন্ট পেলেও মুখোমুখি লড়াইয়ে পেছনে পড়ে গেছে তারা। ইউরোপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে ইতালির দলটি।

‘ই’ গ্রুপ থেকে আগেই পরের ধাপে উঠে যাওয়া বায়ার্নের পয়েন্ট ১৫। আর নকআউট পর্বে তাদের সঙ্গী হওয়া সিটির পয়েন্ট ৮।