রোমাকে হারিয়ে নকআউটে ম্যান সিটি
কঠিন সব সমীকরণ জয় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির ক্লাব রোমাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
অবশ্য এই ম্যাচে শুধু জিতলেই শেষ ষোলোর টিকেট পেত না সিটি। অন্য ম্যাচে বায়ার্নের মাঠে ৩-০ ব্যবধানে সিএসকেএ মস্কো হেরে যাওয়ায় শিরোপা লড়াইয়ে টিকে রইল মানুয়েল পেল্লেগ্রিনির দল।
চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে উঠলো সিটি। গত মৌসুমে শেষ ষোলোতে খেলেছিল তারা।
বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার সের্হিও আগুয়েরোই শুধু নয়, চোটের কারণে সিটি দলে ছিলেন না অধিনায়ক ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিও। এছাড়া নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইয়াইয়া তুরেকেও পাননি পেল্লেগ্রিনি।
মাঠের তিন জায়গার এই তিন তারকাকে ছাড়া ম্যাচের শুরুতে কিছুটা ধুঁকতে দেখা যায় সিটিকে। পঞ্চম মিনিটে তো তাদের প্রায় চমকেই দিয়েছিল রোমা। ছোট ডি বক্সের সামনে অতিথি গোলরক্ষককে একা পেয়ে যান রোমার জার্মানির ডিফেন্ডার জোসে হোলেবাস। কিন্তু তার দুর্বল শটটা ঠেকিয়ে দেন জো হার্ট।
১০ মিনিট পর ধীরে ধীরে সিটির খেলায় ছন্দ ফিরতে থাকে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণে মনোযোগ দেয় তারা। পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার সুযোগও পেয়েছিল তারা, কিন্তু প্রতিবারই গোলমুখে ব্যর্থ হন বসনিয়ার ফরোয়ার্ড এদিন জেকো।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই চলতে থাকে। এরই মধ্যে ৬০তম মিনিটে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান সিটির ফরাসি মিডফিল্ডার সামির নাসরি।
স্বদেশী ডিফেন্ডার গায়েল ক্লিশির পাস পেয়ে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন নাসরি। তার কোনাকুনি শট বাঁ পোস্টের ভেতরের কানায় লেগে বল জালে জড়ায়।
পিছিয়ে পড়ে আক্রমণে যাওয়া রোমা ৭২তম মিনিটে সমতাসূচক গোলটি পেয়ে যেতে পারতো। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের; গ্রিক ডিফেন্ডার কোস্তাস মানোলাসের হেডটি গোলপোস্টে লাগে। পাঁচ মিনিটের মধ্যে আরেকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় স্বাগতিকরা।
এরপর নির্ধারিত সময় শেষের চার মিনিট আগে ইতালির দলটির সব আশা একরকম শেষ করে দেন পাবলো সাবালেতা। ডি বক্সের মধ্যে নাসরির ছোট্ট একটা পাস থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান আর্জেন্টিনার এই ডিফেন্ডার।
চ্যাম্পিয়ন্স লিগে সাবালেতার এটাই প্রথম গোল।
শেষ পর্যন্ত ওই দুই গোলের জয়ের হাসিতে মাঠ ছাড়ে সিটি।
‘ই’ গ্রুপ থেকে আগেই পরের ধাপে উঠে যাওয়া বায়ার্নের পয়েন্ট ১৫। আর নকআউটে তাদের সঙ্গী হওয়া সিটির পয়েন্ট ৮।
সমান ৫ পয়েন্ট পেলেও মুখোমুখি লড়াইয়ে মস্কোকে পেছনে ফেলে তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলার টিকেট পেয়েছে রোমা।
‘এইচ’ গ্রুপ
‘এইচ’ গ্রুপে অপরাজিত থেকেই ইউরোপ সেরার লড়াইয়ের গ্রুপ পর্ব শেষ করেছে পর্তুগালের দল পোর্তো। ইউক্রেনের শাখতার দোনেৎস্কের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে পর্তুগালের দলটি।
গ্রুপের অন্য ম্যাচে বেলারুশের বাতে বরিসভকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে স্পেনের ক্লাব আথলেতিক বিলবাও।
সব ম্যাচ শেষে শীর্ষে থাকা পোর্তোর পয়েন্ট ১৪। দ্বিতীয় হওয়া দোনেৎস্কের পয়েন্ট ৯। আর বিলবাওয়ের পয়েন্ট ৭।
