ভারোত্তোলনে মেয়েদের ৩ রেকর্ড
জাতীয় ভারোত্তোলনের দ্বিতীয় দিনে তিনটি রেকর্ড করেছে মেয়েরা।
তিনটি রেকর্ডের দুটি গড়েন বাংলাদেশ আনসারের মোল্লা সাবিরা সুলতানা ও ফাহিমা আক্তার ময়না। অন্যটি বিজেএমসির জহুরা আক্তার রেশমার।
জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে ক্লিন অ্যান্ড জার্কে ৭৮ কেজি তুলে নিজের আগের রেকর্ড ভাঙেন সাবিরা। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে বাংলাদেশ আনসারের এই মহিলা ভারোত্তোলক ১৩৪ কেজি তোলেন।
আনসারকে আরেকটি সোনা এনে দেয়ার পথে রেকর্ড গড়েন ফাহিমা আক্তার ময়না। ৫৮ কেজি ওজন শ্রেণিতে ক্লিন অ্যান্ড জার্কে ৯৩ কেজি তোলেন তিনি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৬৫ কেজি তুলে সেরা হন ফাহিমা।
মেয়েদের ৪৪ কেজি ওজন শ্রেণিতে ক্লিন অ্যান্ড জার্কে ৬৮ কেজি তুলে রেকর্ড গড়েন জহুরা আক্তার রেশমা। সব মিলিয়ে মোট ১২১ কেজি তুলে সোনা জেতেন বিজেএমসির এই ভারোত্তোলক।
সেনাবাহিনীকে নিজের ইভেন্টের সোনা এনে দিয়েছেন হামিদুল ইসলাম। এসএ গেমসের সোনা জেতা এই অ্যাথলেট ৬৯ কেজি ওজন শ্রেণিতে প্রথম হয়েছেন। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৫২ কেজি তোলেন তিনি।
পুরুষ সিনিয়র ৬২ কেজি ওজন শ্রেণিতে ২১৫ কেজি তুলে সেনাবাহিনীকে আরেকটি সোনা এনে দেন শিমুল কান্তি সিংহ। আইন উদ্দিন পুরুষ সিনিয়র ৫৬ কেজি ওজন শ্রেণিতে ২০০ কেজি তুলে বাংলাদেশ আনসারকে সোনা এনে দিয়েছেন।
