২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর বাজি রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদোর পক্ষেই বাজি ধরছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদো। এ বছরের ফিফা-ব্যালন ডি’অর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ডই জিততে পারে বলে মনে করেন 'দ্য ফেনোমেনন' নামে পরিচিত সাবেক এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 09:16 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

ক্রিস্তিয়ানো রোনালদোকে সময়ের সেরা ফরোয়ার্ড উল্লেখ করে রোনালদো বলেন, “আমি মনে করি, এটা পরিষ্কার যে ক্রিস্তিয়ানো এ বছর আবার জিতবে (ফিফা-ব্যালন ডি’অর)।”

২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে ৫টি দারুণ মৌসুম কাটান ব্রাজিলের রোনালদো। সান্তিয়াগো বের্নাবেউকে অনেক সময়ই নিজের দ্বিতীয় ‘বাড়ি’ বলে উল্লেখ করেন তিনি।

রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসার একটা টান আছে বার্সেলোনা, ইন্টার মিলান ও এসি মিলানের এই সাবেক তারকার। তবে রোনালদোর পক্ষে এ কারণেই শুধু কথা বলেননি তিনি। রোনালদোর পক্ষে বাজি ধরার যুক্তিও দেখান ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা তারকা।

“সে যা করে সেটা আশ্চর্যজনক।...সে দারুণ মানসম্পন্ন এবং চাতুর্যের সঙ্গে এটা প্রতিপক্ষের বিপক্ষে ব্যবহার করে। ...শারীরিক শক্তির সঙ্গে কৌশলের সমন্বয়টা খুব ভালোভাবে ঘটিয়েছে সে।”
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেয়া ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় রোনালদোর সঙ্গে আছেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি এবং বায়ার্ন মিউনিখ ও জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার।

আগামী ১২ জানুয়ারি জুরিখে দেয়া হবে ২০১৪ সালের এই ব্যালন ডি’অর পুরস্কার।

ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিত। ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেয়া হয় বিশ্বের সেরা ফুটবলারকে।

২০১০ সাল থেকে ফিফার বর্ষসেরা পুরস্কারের সঙ্গে একীভূত হয়ে এর নাম হয় ফিফা ব্যালন ডি’অর। বিজয়ীরা নির্বাচিত হন জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বাছাই করা ক্রীড়া সাংবাদিকের ভোটে।