২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি দলকে অর্থ পুরস্কার দেবে ফেডারেশন

জুনিয়র এএইচএফ কাপে শীর্ষস্থান পাওয়া অনূর্ধ্ব-২১ হকি দলকে অর্থ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। এছাড়াও সারোয়ার-খোরশেদদেরকে বীমার আওতায় আনার বিষয়টিও ‘প্রায়’ চূড়ান্ত করে ফেলেছে সংস্থাটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 09:02 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

এএইচএফ কাপে ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তরুণদের আগামীতে আরো ভালো করার অনুপ্রেরণা জোগাতে দলের ২১ সদস্যের প্রত্যেককে ১০ হাজার টাকা করে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। সোমবারে হকি দলের সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কারের ঘোষণা দেবে সংস্থাটি।

পুরস্কার দেয়ার খবর পেয়েছেন এএইচএফ কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের কোচের দায়িত্ব পালন করা মামুনুর রশীদ। বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে বিশ্ব হকি লিগের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকা মামুনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেডারেশন যে পুরস্কার দেবে, সেটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আমার বিশ্বাস, এ পুরস্কার ছেলেদেরকে আগামীতে আরো ভালো খেলতে উজ্জীবিত করবে।”

অর্থ পুরস্কারের সঙ্গে অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদেরও বীমার আওতায় আনার ঘোষণাও সোমবার আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হকি ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল মো. ইনামুল বারীর মুখপাত্র উইং কমান্ডার রাফিউল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, অনেক দিন ধরেই খেলোয়াড়দের বীমার আওতায় আনার বিষয়ে কাজ করছে ফেডারেশন। বিষয়টি নিয়ে দেশী একটি বীমা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনাও প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অপ্রত্যাশিত কিছু না হলে, সোমবার সংবর্ধনা অনুষ্ঠানে ১৮ খেলোয়াড় ও তিন কোচিং স্টাফকে এক বছর মেয়াদে বীমার আওতায় আনার ঘোষণাও আসবে।

জুনিয়র এএইচএফ কাপের রাউন্ড রবিন লিগে চাইনিজ তাইপে, থাইল্যান্ড, ওমান ও শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। এরপর স্থান নির্ধারণী ম্যাচে ওমানকে হারিয়ে এএইচএফ কাপের শীর্ষ স্থান পায় বাংলাদেশের তরুণরা।

এএইচএফ কাপের পাঁচ ম্যাচের সবগুলো জেতা বাংলাদেশ কোনো গোল না হজম করে প্রতিপক্ষের জালে ৩৫ গোল করে।