২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলকে রেখে শেষ ষোলোতে বাসেল

নকআউট পর্বে খেলতে হলে জয়ের বিকল্প ছিল না লিভারপুলের। কঠিন সে পরীক্ষায় উতরাতে পারেনি ইংল্যান্ডের দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাসেলের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে ব্রেন্ডন রজার্সের দল। আর তাদেরকে পেছনে রেখে নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ডের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 04:46 AM

Updated : 13 Oct 2022, 12:54 PM

সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হলেও বাসেলকে হারিয়ে সেরা ষোলোতে ওঠার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। কিন্তু ম্যাচের ২৫তম মিনিটেই তার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেন সুইস মিডফিল্ডার ফাবিয়ান ফ্রেই।

স্বদেশী মিডফিল্ডার লুকা জুফ্ফির সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান ফ্রেই। ২০ গজ দূর থেকে নেয়া তার ওই শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না স্বাগতিক গোলরক্ষকের।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। বাসেলও পাল্টা আক্রমণে মাঝে মধ্যেই লিভারপুলের রক্ষণে চাপ বাড়াতে থাকে। এরই মধ্যে ৬০তম মিনিটে চরম ধাক্কাটা খায় অল রেডরা।

বল পায়ে ছোটার সময় প্রতিপক্ষের ডিফেন্ডার বেহরাং সাফারির মুখে ডান হাত দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন লিভারপুলের বদলি স্ট্রাইকার লাজার মার্কোভিচ।

মুখে হাত লাগার সঙ্গে সঙ্গে পড়ে যান বাসেলের সুইডিশ ওই ডিফেন্ডার। টিভি রিপ্লে দেখে অবশ্য মনে হয়েছে, মার্কোভিচের হাত সাফারির মুখে খুব একটা জোরে আঘাত করেনি।

এক জন কম নিয়ে খেললেও লিভারপুল ধারাবাহিক আক্রমণ করে যেতে থাকে। ৮১তম মিনিটে সাফল্যও পেয়ে যায় তারা।

অসাধারণ এক ফ্রি কিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে বল জালে পাঠান লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড। বল বাঁদিকের গোলপোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।

জেরার্ডের নৈপুণ্যে বাকি সময়ের লড়াইটা দারুণ জমে ওঠে। নাটকীয় জয়ের আশায় বুক বাঁধে লিভারপুল সমর্থকরা। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হৃদয়ে ফিরতে হয় তাদের।

আর ড্র করেও ম্যাচ শেষে উল্লাসে ফেটে পড়ে বাসেলের খেলোয়াড়-কোচ-সমর্থকরা।

এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়ে এখন ইউরোপা লিগ খেলতে হবে লিভারপুলকে।

মঙ্গলবার রাতে গ্রুপের অন্য ম্যাচে লুদোগোরেতসকে ৪-০ গোলে হারায় রিয়াল। তাদের পয়েন্ট ১৮ আর বাসেলের পয়েন্ট ৭।

'ডি' গ্রুপ চ্যাম্পিয়ন বরুসিয়া, রানার্সআপ আর্সেনাল

বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছে বরুসিয়া ডর্টমুন্ড।

অন্য ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে আর্সেনাল। তবে শেষ ম্যাচে জিতলেও গ্রুপ রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ইংল্যান্ডের দলটিকে।

৬ ম্যাচ শেষে বরুসিয়া ও আর্সেনালের পয়েন্ট সমান ১৩। মুখোমুখি লড়াইয়েও কেউ কারো চেয়ে এগিয়ে নেই। তবে সব ম্যাচের হিসেবে গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের সেরা দল হিসেবেই নকআউট পর্বে খেলবে জার্মানির ক্লাব বরুসিয়া।

৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া আন্ডারলেখট খেলবে ইউরোপা লিগে।