২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারোত্তোলনের ‘ভার’ বয়েই চলেছেন মোয়াজ্জেম

বয়স পঞ্চাশ পেরিয়েছে। হালকা-পাতলা গড়নের মানুষটার শরীরে স্বাভাবিকভাবেই আগের তেজ আর নেই; কিন্তু মনের তেজ কমেনি একটুও। তাই তো ‘ওস্তাদ’ মোয়াজ্জেম হোসেন আজও ক্লান্তিহীনভাবে ভারোত্তোলনের ভার বয়ে চলেছেন। তৈরি করে যাচ্ছেন পদকজয়ী অ্যাথলেট।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 07:33 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

তবে যাদের ‘ভার’ মোয়াজ্জেম নিয়েছেন, তাদের আড়ালের গল্পটা বেশ বৈচিত্রময়। নিজের নামে প্রতিষ্ঠিত ক্লাবের যে ১৫ জনকে নিয়ে জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় এবার এসেছেন মোয়াজ্জেম, তাদের কেউ চাষী, কেউ নসিমন-চালক, কেউ বা মুদি দোকানদার।

মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাবের হয়ে এবারের আসরে ৫৬ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জ জেতা ইকবাল হোসেন পেশায় কৃষক। ৬৯ কেজিতে ব্রোঞ্জ পাওয়া আবুল কালাম আজাদের ভারোত্তোলকের বাইরের পরিচয় মুদি দোকানের কর্মচারী। আকবর হোসেন নসিমন চালান। হাসমতউল্লাহ নসিমনের ‘হেল্পার’। আর সাইকেল সারিয়ে সংসার চালান নজরুল ইসলাম।

একই ক্লাবের ফরিদ হোসেনের ভারোত্তোলক হয়ে ওঠার গল্পটা বেশ শিহরণ জাগানো। গাট্টাগোট্টা শরীরের কারণে ডাকাতেরা তাকে ধরে নিয়ে দলে ভিড়িয়েছিল; পরে পালিয়ে এসে ভালোভাবে বেঁচে থাকার পথ খুঁজছিলেন তিনি। মোয়াজ্জেম ‘ওস্তাদ’ ফরিদের হাতে বারবেল তুলে দেন। ১৯৯৪ সালে আঁকড়ে ধরা বারবেল প্রায় দেড় যুগ ধরে ওঠাচ্ছেন ফরিদ। এ পর্যন্ত জাতীয় পর্যায়ে পাঁচটি সোনা, নয়টি রূপা ও পাঁচটি ব্রোঞ্জ জিতেছেন তিনি। নিজের বদলে যাওয়ার গল্পটা গর্ব নিয়েই বললেন ফরিদ। “খুব খারাপ পর্যায়ে চলে গিয়েছিলাম। এক দিন ওস্তাদের (মোয়াজ্জেম) কাছে এসে বললাম, আমাকে পথ দেখান। তিনিই বললেন ভারোত্তোলনে নামতে। জাতীয় দলেও খেলেছি আমি।” ফরিদদের এভাবে ভারোত্তোলক হয়ে ওঠা, সাফল্য পাওয়া দেখলে প্রাণ জুড়িয়ে যায় মোয়াজ্জেমের। এলাকার ছেলেদের বখে যাওয়ার পথ থেকে ফেরাতে পারার আনন্দও আছে তার।

“এলাকার ছেলেপেলেরা মাদকের দিকে ছুটছে। যাচ্ছেতাই অবস্থা। ওদের যে একটু হলেও ও পথ থেকে ফেরাতে পারছি, তাতেই ভালো লাগে আমার।”

টিভিতে ভারোত্তোলন দেখে এ খেলার প্রতি আগ্রহী হয়েছিলেন মোয়াজ্জেম। সেটা ১৯৮০ সালের কথা। বাঁশের দুই পাশে বালির বস্তা বেধে রাত জেগে অনুশীলন করতেন তিনি। এর ছয় বছর পর ১২তম ভারোত্তোলন প্রতিযোগিতায় প্রথম অংশ নিতে এসেই রূপা পান মোয়াজ্জেম।

১৯৯৬ সালে অবসর নেয়ার পর থেকে কোচিং নিয়ে ব্যস্ত তিনি। মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি পরিত্যক্ত ভবনেই চলছে ক্লাবের কার্যক্রম। সীমাবদ্ধতার শেষ নেই, কিন্তু ক্লাবটির সাফল্য চোখে পড়ার মতো।

এই ক্লাবের ছেলেরা এ পর্যন্ত জাতীয় পর্যায়ে ৭০টি সোনা, ৭২টি রূপা ও ৫৪টি ব্রোঞ্জ জিতেছে। আন্তর্জাতিক পর্যায়ে এ ক্লাব থেকে বেড়ে ওঠা ছেলেরা জিতেছে একটি সোনা, তিনটি রূপা ও পাঁচটি ব্রোঞ্জ। ২০১০ সালের এসএ গেমসে সোনা জয় করেন মোয়াজ্জেমের শিষ্য ‘হোটেলের বয়’ থেকে ভারোত্তোলক হয়ে ওঠা হামিদুল ইসলাম।

মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাব থেকে এ পর্যন্ত ৩৭ জন বিভিন্ন সংস্থায় চাকরি পেয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ২৫জন, আনসারে সাত জন, পুলিশ ও বিজিবিতে দুই জন করে চাকরি করছেন। বাংলাদেশ নৌবাহিনীতেও আছেন একজন।

দুই যুগ ভারোত্তোলনের সঙ্গে থেকে যা পেয়েছেন, তাতে খুশি মোয়াজ্জেম। তবে ক্লান্তিহীন এই মানুষটি এখনই থেমে যেতে চান না।

“আল্লাহ বাঁচিয়ে রাখে তো আরো কুড়ি বছর কাজ চালিয়ে যেতে চাই।”