২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে ব্রাজিলের সিলভাকে আনতে তোড়জোড়

ব্রাজিলের তরুণ মিডফিল্ডার লুকাস সিলভাকে দলে টানতে তোড়জোড় শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সম্প্রতি চোটে পড়েছেন রিয়ালের হামেস রদ্রিগেস। এই কারণে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর এই মিডফিল্ডারের দলবদলের আগামী ধাপেই স্পেনের ক্লাবটিতে আসার সম্ভাবনা আরো বেড়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 07:23 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

ইউরোপের ফুটবল দর্শক আর রিয়াল মাদ্রিদের সমর্থকদের কাছে লুকাস সিলভার নাম অতটা পরিচিত নয়। তবে ব্রাজিলের ফুটবলে ভালো খেলা ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের দিকে আগে থেকেই নজর আছে স্পেনের সফলতম ক্লাবটির।

গত শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ের দিন চোট পান কলম্বিয়ার ফরোয়ার্ড রদ্রিগেস। এ ছাড়া আগে চোটে পড়েছিলেন লুকা মদ্রিচ। সামি খেদিরার অবস্থাও খুব একটা সুবিধার নয়। সব মিলিয়ে মাঝমাঠে শূন্যতা পূরণ করতে রিয়াল সিলভাকে দলে নিতে পারে বলে মনে করে স্পেনের সংবাদমাধ্যম।

২০১২ সালে ক্রুজেইরোর হয়ে ব্রাজিলের পেশাদার ফুটবলে আবির্ভাব সিলভার। দলটির হয়ে ৪৪ ম্যাচ খেলে ৩টি গোল করেন রক্ষণাত্মক এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন সিলভা।

জানুয়ারিতে দলবদলের বাজারে সিলভাকে দলে পাওয়ার ব্যাপারে আনচেলত্তি অবশ্য নিজের উচ্ছ্বাসটা চেপেই রাখেন।

“আমার মনে হয়, আমাদের বড়দিনের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে।”