২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফন পের্সির জোড়া গোলে ইউনাইটেডের জয়

মৌসুমের শুরুর দিকে ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড স্বরূপে ফিরেছে। রবিন ফন পের্সির জোড়া গোলে সোমবার রাতে সাউথ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে লুইস ফন গালের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 10:00 AM

Updated : 25 Apr 2022, 05:05 PM

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। আর টানা তিন ম্যাচ হেরে সাউথ্যাম্পটন নেমে গেছে পঞ্চম স্থানে।

সাউথ্যাম্পটনের মাঠে ম্যাচের দ্বাদশ মিনিটেই রবিন ফন পের্সির গোলে এগিয়ে যায় অতিথিরা। সাউথ্যাম্পটন অধিনায়ক জোসে ফনতে ব্যাকপাস দিতে চেয়েছিলেন গোলরক্ষক ফ্রেজার ফর্সটারকে। তবে ফন ফের্সি বুদ্ধিমত্তার সঙ্গে বল ধরে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠিয়ে দেন।

ম্যাচের আধঘণ্টা পার হতেই দলকে সমতায় ফেরান গ্রাৎসিয়ানো পেল্লে। তবে ৭১তম মিনিটে ওয়েইন রুনির ফ্রি-কিক থেকে গোল করে ইউনাইটেডকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন ডাচ ফরোয়ার্ড ফন পের্সি।

প্রতিপক্ষের গোলে মাত্র তিনটি শটই নিতে পেরেছিল ইউনাইটেড। অন্যদিকে সাউথ্যাম্পটনই একের পর এক সুযোগ তৈরি করেও সফল হয়নি। গোলরক্ষক দাভিদ দে হেয়ার দৃঢ়তায় লিগে টানা পাঁচটি জয় তুলে নেয় অতিথিরা।

১৫ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৮, সাউথ্যাম্পটনের ২৬। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।