২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিততেই হবে লিভারপুলকে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠতে হলে বাসেলের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের দল লিভারপুলের। অন্যদিকে, ড্র করলেই পরের রাউন্ডের টিকেট পাবে সুইজারল্যান্ডের ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 10:01 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে হবে ম্যাচটি।

প্রথম পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর চার নম্বরে থাকা বুলগেরিয়ার দল লুদোগোরেতসের নকআউট পর্বে ওঠার কোনো সুযোগ নেই।

তাই সেরা ষোলোতে রিয়ালের সঙ্গী হওয়ার সুযোগ পাচ্ছে বাসেল ও লিভারপুল।

বাসেল ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর লিভারপুল ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

পাঁচবারের চ্যাম্পিয়ন লিভারপুলের জন্য লক্ষ্যটা মোটেও অসম্ভব নয়। কিন্তু তাদের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও আশাব্যাঞ্জক নয়। ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় গত চার ম্যাচে জিততে পারেনি তারা। তার মধ্যে তিনটিতেই আবার হেরেছে ব্রেন্ডন রজার্সের দল।

ইংলিশ প্রিমিয়ার লিগেও লিভারপুলের অবস্থা ভালো নয়; ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা। গত শনিবার নিজেদের মাঠে সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি।

সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্স নিয়ে অবশ্য ভাবছেন না লিভারপুল কোচ। বাসেলকে হারিয়ে সেরা ষোলোতে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

গত অক্টোবরে প্রথম লেগে বাসেলের মাঠে ১-০ গোলে হেরে গিয়েছিল লিভারপুল। তাই অল রেডদের জন্য এই ম্যাচ প্রতিশোধ নেয়ার সুযোগও।