আইএইচএফ হ্যান্ডবলে বাংলাদেশের মেয়েদের শিরোপা
ছেলেরা ব্যর্থ হলেও পাকিস্তানের আইএইচএফ হ্যান্ডবলের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। রোববার ফাইনালে স্বাগতিক পাকিস্তানকেই ৩৪-২২ গোলে হারায় তারা।
ইয়েমেন, আফগানিস্তান ও নেপালের মেয়েদের হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়েরা।
ইয়েমেনের বিপক্ষে ৪৮-১৩ গোলের জয় দিয়ে পাকিস্তানের এই আসরের শুভ সূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫২-৫ গোলের বিশাল ব্যবধানের জয় পায় তৃপ্তি-শিরিনারা। এরপর তৃতীয় ম্যাচে নেপালকে ৩৫-১৯ গোলে হারায় তারা।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) এই আসরে মহিলা বিভাগে আফগানিস্তান, নেপাল, ভারত, বাংলাদেশ, ইয়েমেন ও স্বাগতিক পাকিস্তান অংশ নেয়।
