সেরা গোলদাতা খোরশেদ, সেরা গোলরক্ষক অসিম
জুনিয়র এএইচএফ কাপ হকির এবারের আসরের সেরা গোলদাতা ও সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের দুই খেলোয়াড়। ১০ গোল করা খোরশেদুর রহমান হয়েছেন সেরা গোলদাতা। নিজের গোলপোস্ট দারুণ দৃঢ়তায় আগলে রেখে সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন অসিম গোপ।
চীনা তাইপেকে ৭-০ গোলে হারিয়ে এবারের আসর শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ওই ম্যাচে দুই গোল করেন খোরশেদ। পরের দুই ম্যাচে ওমান ও শ্রীলঙ্কার জালে আরো ছয় গোল করার পর বাংলাদেশ দলের এই ডিফেন্ডার নিজেই বলেছিলেন, সেরা গোলদাতা হতে চান তিনি।
জুনিয়র এবং জাতীয় দলে খোরশেদের ভূমিকা ডিফেন্ডারের। তবে পেনাল্টি কর্নার থেকে নিখুঁত হিটে গোল করতে পারদর্শী তিনি। এএইচএফ কাপে ভালো করায় জাতীয় দলের হয়ে আগামীতে পেনাল্টি কর্নারে হিট করার দায়িত্ব নিতে চান তিনি।
“এ আসরের জন্য অনেক অনুশীলন করেছিলাম। এবার সেরা গোলদাতা হওয়ায় আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। জাতীয় দলে যদি চয়ন ভাইয়ের জায়গায় পেনাল্টি কর্নার নেয়ার সুযোগ দেয়া হয়, আশা করি হতাশ করব না।”
জুনিয়র এএইচএফ কাপের এই আসরে বাংলাদেশ ৩৫ গোল করেছে কিন্তু একটি গোলও হজম করেনি। স্বাগতিকদের গোল না খাওয়ার পেছনে দারুণ অবদান গোলরক্ষক অসিমের।
মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথম স্থান নির্ধারণী ম্যাচেও ওমানের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন অসিম। তবে কৃতিত্বের অনেকটা তিনি আবার সতীর্থ ডিফেন্ডারদেরও দিলেন।
“আমাদের রক্ষণভাগের দৃঢ়তায় আগের ম্যাচগুলোয় আমাকে তেমন একটা আক্রমণ সামলাতে হয়নি। তবে আমিও চাইছিলাম, আজ যেন নিজেও পরীক্ষায় বসতে পারি। এ কারণে ওমানের বিপক্ষের এই ম্যাচটির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ওদের আক্রমণগুলো ঠেকাতে পেরে ভালো লাগছে।”
ওমানকে ৪-০ গোলে হারিয়ে জুনিয়র এএইচএফ কাপ হকিতে প্রথম স্থান পেয়েছে বাংলাদেশ। এশিয়ান হকি ফেডারেশন কাপের এই আসরে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১০-০ গোলের জয় পায় স্বাগতিকরা।
নিজেদের তৃতীয় ম্যাচে ওমানকে ৭-০ গোলে হারিয়ে ২০১৫ সালের জুনিয়র এশিয়া কাপের টিকেট নিশ্চিত করে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭-০ গোলে জেতে মামুনুর রশীদের দল।
