২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে ওমানকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

ওমানকে আবারও হারিয়ে জুনিয়র এএইচএফ কাপ হকিতে প্রথম হয়েছে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-২১ দলের তরুণেরা জিতেছে ৪-০ গোলে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 04:37 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

রাউন্ড রবিন লিগের আগের ম্যাচে ওমানকে হারিয়েই ২০১৫ সালের জুনিয়র এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ।

রোববারের অপর ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান পেয়েছে চাইনিজ তাইপে।

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে খোরশেদ দু'টি এবং আশরাফুল ও সারোয়ার একটি করে গোল করেন।

পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ম্যাচে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। ১৭তম মিনিটে মিলন হোসেনের পুশ সারোয়ারের স্টপ থেকে গোলটি করেন খোরশেদুর রহমান। চলতি আসরে এটি তার নবম গোল।

২৩তম মিনিটে পাওয়া পেনাল্টি কর্নারে মিলনের পুশ সারোয়ারের স্টপ থেকে হিট করে গোল করেন আশরাফুল ইসলাম।

প্রথমার্ধে দুটি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি ওমান। প্রথমার্ধের শেষ দিকে আনোয়ার সাদের হিট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন অসিম গোপ।

৩৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান আরো বাড়িয়ে নেয় স্বাগতিকরা। মিলন-সারোয়ার-খোরশেদের সমন্বয় থেকে স্কোরলাইন ৩-০ করেন খোরশেদ। ৫০তম মিনিটে অধিনায়ক সারোয়ারের ফিল্ড গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

এশিয়ান হকি ফেডারেশন কাপের এই আসরে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১০-০ গোলের জয় পায় স্বাগতিকরা।

নিজেদের তৃতীয় ম্যাচে ওমানকে ৭-০ গোলে হারিয়ে ২০১৫ সালের জুনিয়র এশিয়া কাপের টিকেট নিশ্চিত করে বাংলাদেশ। আর চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭-০ গোলে জেতে মামুনুর রশীদের দল।