২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে রোনালদো-বন্দনা

ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে রিয়াল মাদ্রিদ। স্পেনের লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড গড়ার পর তারকা এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ আর সতীর্থরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 02:32 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

পুরনো খবর:

রোনালদোর রেকর্ডে রিয়ালের জয়
বার্সেলোনার রেকর্ডে ভাগ রিয়ালের

শনিবার স্পেনের লা লিগায় সেল্তা ভিগোকে ৩-০ গোলে হারিয়ে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ জয়ের বার্সেলোনার রেকর্ড স্পর্শ করে রিয়াল। তিনটি গোলই করেন রোনালদো।

স্পেনের শীর্ষ লিগে রোনালদোর এটা ২৩তম হ্যাটট্রিক। পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড ভেঙে দিয়েছেন আলফ্রেদো দি স্তেফানো ও তেলমো সাররার ২২ হ্যাটট্রিকের রেকর্ড।

রোনালদোর এই রেকর্ড নিয়ে ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন তার সতীর্থ সের্হিও রামোস।

“সে যে পরিসংখ্যান রচনা করছে, তা আসলে খেপাটে।”

রোনালদোর প্রশংসা করতে গিয়ে রামোস এক সময় আপ্লুত হয়ে পড়েন।

“তার মতো একজন খেলোয়াড়ের সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলতে পারাটা সত্যিই বড় এক পাওয়া। তাকে ঠিকমতো বোঝাতে চাইলে আপনাকে শব্দ তৈরি করতে হবে। সে সব রেকর্ডই ভেঙে দিচ্ছে এবং সম্ভবত এখন ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছে।”

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি তার দলে রোনালদোকে পাওয়ায় নিজেকে ধন্য মনে করেন।

“ক্রিস্তিয়ানোর মতো একজন খেলোয়াড় পাওয়া বড় এক সুবিধা।”