বার্সেলোনার রেকর্ডে ভাগ রিয়ালের
বার্সেলোনার একার দখলে থাকা একটি রেকর্ডে ভাগ বসাল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। শনিবার স্পেনের লা লিগায় সেল্তা ভিগোকে ৩-০ গোলে হারিয়ে স্পেনের কোনো দলের সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছে কার্লো আনচেলত্তির দল।
শনিবার স্পেনের লা লিগায় সেল্তা ভিগোকে ৩-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে স্পেনের সফলতম দলটির এটা ১৮তম জয়।
ফ্রাঙ্ক রাইকার্ডের বার্সেলোনা ২০০৫-০৬ মৌসুমে টানা ১৮টি ম্যাচ জিতেছিল।
১৮টি জয়ের মধ্যে স্পেনের লা লিগায় টানা ১১টি ম্যাচ জেতে রিয়াল। ৫টি ম্যাচ জেতে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। আর বাকি দুটি কোপা দেল রেতে।
১৩ সেপ্টেম্বর নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে আতলেতিকো মাদ্রিদের কাছে সর্বশেষ হেরেছিল রিয়াল। এরপর থেকে শুধু জিতেই চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো আর গ্যারেথ বেলরা।
