ইব্রাহিমোভিচের নৈপুণ্যে শীর্ষে পিএসজি
বিশ্রাম থেকে ফিরেই দলকে জেতালেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ঘরের মাঠে পিছিয়ে পড়েও সুইডেনের এই স্ট্রাইকারের জোড়া গোলে নান্তেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে পিএসজি।
এই জয়ে ফরাসি লিগের পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষে উঠে এসেছে পিএসজি, ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭।
দ্বিতীয় স্থানে নেমে যাওয়া মার্শেইয়ের পয়েন্ট ৩৫। তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।
গত বুধবার লিলের মাঠে ইব্রাহিমোভিচকে ছাড়া খেলতে নেমে ১-১ গোলে ড্র করেছিল পিএসজি।
শনিবার রাতে শুরুতেই গোল খেয়ে বসে বর্তমান চ্যাম্পিয়নরা। অষ্টম মিনিটে কলম্বিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার আলেহান্দ্রো বেদোয়ার গোলে এগিয়ে যায় নান্তেস।
৩৪তম মিনিটে পিএসজিকে ম্যাচে ফেরান ইব্রাহিমোভিচ। আর বিরতির পর তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত ওই গোলেই জয় নিশ্চিত হয় পিএসজির।
