২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর লড়াইয়ে আর্সেনালের হার

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে আর্সেনালের তিন গোলে পিছিয়ে থাকার পরও দারুণভাবে ম্যাচে ফিরে দারুণ লড়েছিল আর্সেনাল; কিন্তু শেষ রক্ষা আর হয়নি। শনিবার স্টোক সিটির মাঠে রোমাঞ্চকর এই ম্যাচে ৩-২ গোলে হেরেছে লন্ডনের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 11:55 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

দুই ম্যাচ জেতার পর আবার হারল আর্সেনাল। লিগে গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর ওয়েস্ট ব্রমউইচ আলবিওন ও সাউথহ্যাম্পটনের বিপক্ষে জিতেছিল আর্সেনাল।

নিজেদের মাঠ ব্রিটানিয়ায় ম্যাচ শুরুর পর ১৯ সেকেন্ডেই আর্সেনালকে চমকে দেয় স্টোক সিটি। মামে বিরাম দিওফের পাস থেকে বল পেয়ে আর্সেনালের গোলেপোস্টের খুব কাছাকাছি জায়গা থেকে জালে জড়ান পিটার ক্রাউচ। চলতি লিগ মৌসুমে ক্রাউচের করা গোলটিই দ্রুততম।

প্রথমার্ধে আরো দুই গোল করে আর্সেনালকে কোণঠাসা করে ফেলে স্টোক সিটি। ৩৫তম মিনিটে বোইয়ান কিরকিচ ও প্রথমার্ধের শেষ দিকে জোনাথন ওয়াল্টারসের এই দুই গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

৬৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমায় আর্সেনাল। স্টোক সিটির দিওফ প্রতিপক্ষের ম্যাথিউ ফ্লামিনিকে ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বলের লাইনে থাকলেও সান্তি কাসোরলার শট আটকাতে ব্যর্থ হন স্টোক সিটির গোলরক্ষক বেগোভিচ।

দুই মিনিট পর আর্সেনালের আলেক্সিস সানচেসের ক্রস থেকে অ্যারন রামসি গোল করলে ম্যাচ জমে ওঠে। কিন্তু ৭৮তম মিনিটে বড় একটা ধাক্কা খায় অতিথিরা; দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ক্যালাম চেম্বারস। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আর্সেন ভেঙ্গারের দল।

১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আপাতত তালিকায় ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বাদশ স্থানে আছে স্টোক সিটি।