অবশেষে হারল চেলসি
মৌসুমের শুরু থেকে দুর্দান্ত খেলে চলা চেলসি অবশেষে হারের স্বাদ পেল। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের কাছে ২-১ গোলে হেরেছে জোসে মরিনিয়োর দল।
সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এটা ইপিএলের শীর্ষে থাকা দলটির প্রথম পরাজয়।
শনিবার নিজেদের মাঠে নিউক্যাসলকে জয় এনে দিতে জোড়া গোল করেন সেনেগালের ফরোয়ার্ড পাপিস সিসে।
প্রথমার্ধে দুই দলই এলোমেলো ফুটবল খেলায় কেউই প্রাধান্য বিস্তার করতে পারেনি।
২৩তম মিনিটে প্রথমার্ধের সেরা সুযোগটি পেয়েছিল চেলসি। উইলিয়ানের পাস বক্সের মধ্যে ঠিকভাবে পায়ে লাগাতে পারেননি ব্রাজিলের মিডফিল্ডার অস্কার। ফিরে আসা বলে বক্সের বাইরে থেকে কিক নিয়েছিলেন স্পেনের মিডফিল্ডার সেস ফাব্রেগাস। কিন্তু পোস্টের বাইরে দিয়ে চলে যায় বল।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে চাপ তৈরি করে খেলতে থাকে স্বাগতিক নিউক্যাসল। এর ফলও তারা দ্রুতই পেয়ে যায়। চেলসির ডিফেন্ডার গ্যারি ক্যাহিলের ভুলের সুযোগ নিয়ে ৫৭তম মিনিটে দলকে এগিয়ে দেন সিসে।
গোল শোধে মরিয়া চেলসি এরপর ভালো কিছু আক্রমণ করে। তবে খেলার ধারার বিপরীতে তারাই গোল খেয়ে বসে। অসাধারণ এক প্রতিআক্রমণ থেকে ৭৮তম মিনিটে নিউক্যাসলের দ্বিতীয় গোলটিও করেন সিসে।
ম্যাচে ফিরতে মরিয়া চেলসি এরপর আক্রমণের গতি বাড়ায়। এর ফলও পায় তারা। ৮৩তম মিনিটে সেস ফাব্রেগাসের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে ব্যবধান কমান বদলি হিসেবে খেলতে নামা দিদিয়ের দ্রগবা।
বদলি হিসেবে নামা আন্দ্রে শুরলেকে ফাউল করায় বক্সের বাইরে ফ্রি-কিকটি পেয়েছিল চেলসি। আর এই ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নিউক্যাসলের স্টিভেন টেইলরকে।
এতে অবশ্য শেষ রক্ষা হয়নি চেলসির। শেষ মুহূর্তে ভালো কিছু আক্রমণ করেও গোল পায়নি তারা। নিউক্যাসলের বদলি গোলরক্ষক জ্যাক অ্যালানউইক দুর্দান্ত কিছু সেভ করায় মৌসুমে প্রথম হার নিয়েই মাঠ ছাড়তে হয় চেলসিকে।
এই হারের পরও ইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে চেলসি। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে নিউক্যাসলের পয়েন্ট ২৩।
