১৪ ম্যাচে ফাব্রেগাসের ১০০ মাইল!
সৃজনশীলতার পরিচয় দেওয়ার পাশাপাশি পরিশ্রমও করে দেখিয়েছেন সেস ফাব্রেগাস। চেলসির স্প্যানিশ মিডফিল্ডার ইংলিশ প্রিমিয়ার লিগে এ মৌসুমে খেলা ১৪ ম্যাচে মাঠে ১০০ মাইল দৌড়েছেন।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১০০ মাইল দৌড়েছেন আরও দুই ফুটবলার। তবে সবার আগে এই কীর্তি গড়েন ফাব্রেগাসই। গত বুধবার টটেনহ্যামের বিপক্ষে চেলসির ৩-০ গোলে জেতা ম্যাচে ১০০ মাইল দৌড়ানো পূর্ণ করেন তিনি।
১০০ মাইল দৌড়ানো বাকি দুই খেলোয়াড়ের একজন তারই সতীর্থ সার্বিয়ার নেমানিয়া মাতিচ। একই ম্যাচে ১০০ মাইল দৌড়ানোর কীর্তি গড়েন তিনি।
বুধবার ১০০ মাইল দৌড়ানো পূর্ণ করেন হাল সিটির জেক লিভারমোরও। সেদিন এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে তার দল।
এই তিনজনের মধ্যে অবশ্য সবচেয়ে বেশি দৌড়েছেন ফাব্রেগাসই। ১৪ ম্যাচ শেষে তার অতিক্রম করা দূরত্ব ১০১.৯৬ মাইল।
