হকিতে বাংলাদেশের তরুণদের টানা ৪ ম্যাচ জয়
জুনিয়র এএইচএফ কাপে জয়ের ধারা বজায় রেখেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়ে এ আসরে টানা চতুর্থ জয় পেয়েছে অনূর্ধ্ব-২১ দলের তরুণেরা।
মঙ্গলবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে রোমান সরকার ও ফজলে সালেহীন রাব্বী দুটি করে গোল করেন। মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক ও আশরাফুল ইসলাম একটি করে গোল পেয়েছেন।
প্রথমার্ধেই চার গোল করে বাংলাদেশ। ত্রয়োদশ মিনিটে অধিনায়ক সারোয়ার হোসেনের বাড়ানো বল হিট করে দলকে প্রথম এগিয়ে দেন মিলন। চার মিনিট পর কৌশিক ব্যবধান দ্বিগুণ করেন।
২২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৩-০ করে বাংলাদেশ। মিলনের পুশে সারোয়ারের স্টপ থেকে আশরাফুলের শট ঠিকানা খুঁজে পায়। ছয় মিনিট পর রিভার্স হিটে গোল করে শ্রীলঙ্কাকে আরো কোণঠাসা করে দেন রাব্বী।
